মহাদেশীয় ফুটবল সংস্থার নির্দেশ বা মরক্কোর আইনি হুঁশিয়ারি সত্ত্বেও সেনেগাল তার অবস্থান থেকে একটুও সরেনি।
শনিবার প্যারিসের স্টাদ দ্য ফ্রান্সে আফ্রিকা কাপ অব নেশনসের ট্রফি নিয়ে প্যারেড করেছে সেনেগালের ফুটবল দল। এরপর পেরুর বিপক্ষে ম্যাচে দুই তারকাখচিত জার্সি পরে মাঠে নামে দলটির খেলোয়াড়রা, যা ট্রফি জয়ের সঙ্গে যুক্ত।
গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। কিন্তু প্রায় দুই মাস পর কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে জয়ী ঘোষণা করে। এরপর মরক্কো পক্ষ থেকে জানানো হয়, সেনেগাল নিজেদের চ্যাম্পিয়ন দাবি করে দর্শকদের সামনে ট্রফি প্রদর্শন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই হুঁশিয়ারি সেনেগাল পাত্তা দেয়নি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার স্টাদ দ্য ফ্রান্সে সেনেগাল-পেরু ম্যাচের আগে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। এরপর অধিনায়ক কালিদু কুলিবালির নেতৃত্বে সেনেগাল দল আফ্রিকা কাপ অব নেশনসের ট্রফি নিয়ে মাঠে নামে। গোলকিপার এদুয়ার্দো মেন্দি এটি হাতে নিয়ে পুরো দলসহ মাঠের চারপাশে ঘুরে বেড়ান। এরপর তারা প্রেসিডেন্ট বক্সে গিয়ে সেনেগালিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লায়ে ফলের সামনে ট্রফিটি রাখেন।
ট্রফি প্যারেডের পর সেনেগাল দুই তারকাখচিত জার্সি পরে পেরুর বিপক্ষে খেলে। দুই তারকার একটি ২০২১ সালে তাদের প্রথম আফ্রিকান শিরোপার জন্য, দ্বিতীয়টি এবারের জানুয়ারির জন্য। তবে আফকন টুর্নামেন্টের আয়োজক সিএএফের সিদ্ধান্ত অনুসারে সেনেগালের ট্রফি এখন একটি।
গত ১৮ জানুয়ারি রাবাতের ফাইনালে মরক্কোকে দেওয়া রেফারির পেনাল্টি সিদ্ধান্তে প্রতিবাদে মাঠ ছেড়ে যায় সেনেগাল। এ নিয়ে মরক্কো আপিল করার পর ১৭ মার্চ সিএএফের আপিল বোর্ড জানায়, সেদিন খেলার মাঝপথে মাঠ ছেড়ে যাওয়ার মাধ্যমে ‘ম্যাচ বর্জন’ করেছে সেনেগাল। দলটি ‘ওয়াকওভার দিয়েছে’—এমন উপসংহারে এসে সিএএফ মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে।
মহাদেশীয় ফুটবল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ‘সবচেয়ে নগ্ন প্রশাসনিক চুরি’ আখ্যা দিয়ে সর্বোচ্চ ক্রীড়া আদালত সিএএসে আপিল করে সেনেগাল। একই সঙ্গে নিজেদের চ্যাম্পিয়ন ঘোষণা করে দর্শকদের সামনে ট্রফি প্রদর্শনের ইঙ্গিতও দেয়। দুই দিন আগে মরক্কোর আইনজীবী মুরাদ এলাজৌতি ট্রফির যেকোনো ধরনের জনসমক্ষে প্রদর্শন বন্ধ করতে স্টেডিয়াম কর্তৃপক্ষসহ ইভেন্ট আয়োজকদের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠানোর কথা জানান। সিএএফ আপিল বোর্ডের রায়ের পর সেনেগাল ট্রফি দেখানোর চেষ্টা করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি।
তবে সবকিছু উপেক্ষা করে সেনেগাল ট্রফি এবং দুই তারকা নিয়েই খেলে। পেরুর বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচটিতে কুলিবালি, সাদিও মানে, মেন্দিরা বিশ্রামে ছিলেন, এমনকি বদলির তালিকায়ও ছিলেন না তারা।






