নড়াইলে জ্বালানি তেল না পাওয়ায় বাগবিতণ্ডার পর এক ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার মধ্যরাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ নড়াইল সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নাহিদের মোটরসাইকেলে সওয়ার বন্ধু জিহাদুল মোল্যা। তিনি তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে।

তানভীর ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গতকাল রাতে সুজাত নামের এক ট্রাকচালক তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। তেল নেওয়ার বিষয় নিয়ে ব্যবস্থাপক নাহিদ সরদারের সঙ্গে ট্রাকচালকের বাগবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ চালক প্রকাশ্যে ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।

ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, বাগবিতণ্ডার পর ট্রাকচালক পাম্পেই অবস্থান করছিলেন। দিবাগত রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে মোটরসাইকেলে বন্ধু জিহাদকে নিয়ে নিজ বাড়ির দিকে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাঁদের পেছনে ধাওয়া করে আসে ট্রাকটি।

কর্মচারীরা বলেন, হুমকির পর নাহিদ বের হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকচালক বের হলে তাঁদের সন্দেহ হয়। তারাও বেরিয়ে দেখেন, পাম্প থেকে একটু সামনে নাহিদের মোটরসাইকেল চাপা পড়েছে এবং ট্রাক চলে যাচ্ছে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন নাহিদ। তাঁর মোটরসাইকেলে থাকা জিহাদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী মুঠোফোনে বলেন, নাহিদের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।