চট্টগ্রামের আনোয়ারায় এক গৃহবধূর ঘরের সিলিং থেকে ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে স্বামীর বাসায় থেকে লাশটি পাওয়া যায়।

নিহতা জিন্নাত আরা বেগম (২৬)। তিনি বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজারের মো. হোসেনের কন্যা। দুই বছর আগে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামের মো. ওমর ফারুকের (৩০) সঙ্গে তার বিবাহ হয়। তাদের পরিবারে আট মাসের এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে বাবার বাড়ি বাঁশখালী থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসেন জিন্নাত আরা। এরপর স্বর্ণালংকার বন্ধক রাখার বিষয়ে স্বামীর সঙ্গে তার তর্কাতর্কি হয়। আজ সকালে স্বামী বাইরে যাওয়ার পর জিন্নাত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। স্বামী ফিরে এসে দরজা বন্ধ দেখেন এবং ঘরের চালের টিন খুলে ভেতরে ঢুকে সিলিংয়ে তার শরীর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

জিন্নাতের বাবা মো. হোসেন বলেন, “বিয়ের সময় দেওয়া স্বর্ণালংকার বন্ধক রাখা নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এ কারণে স্বামীসহ পরিবারের লোকজন আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি মামলা করব।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।”