নরসিংদীতে রেললাইন ধরে অসতর্কভাবে হাঁটছিলেন অজ্ঞাতপরিচয় এক তরুণ। আজ রোববার সকাল পৌনে নয়টার দিকে শহরের বটতলা বাজারের রেলক্রসিং–সংলগ্ন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে তিনি নিহত হন।
তরুণটির বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরনে ছিল গাঢ় নীল রঙের ট্রাউজার ও কালো-কমলা রঙের শার্ট। পুলিশ তাঁর নাম-পরিচয় জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল পৌনে নয়টার দিকে তরুণটি বটতলার রেলক্রসিং–সংলগ্ন রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছাড়া আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি রেলক্রসিং এলাকা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে তরুণটির মাথার কিছু অংশ ও ডান পা কাটা পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনার খবর নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানান। পরে উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। খবর পেয়ে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ফাঁড়িতে এসে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, "আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।"






