‘ধুরন্ধর ২’ ছবি মুক্তির পর থেকে বক্স অফিসে একচ্ছত্র রাজত্ব করছে। প্রথম সপ্তাহেই এটি হাজার কোটি রুপি আয় করেছে। সম্প্রতি এই ছবি নিয়ে পাকিস্তানের রাজনীতিবিদ নাবিল গাবোল ব্যাপক ট্রলিংয়ের মুখে পড়েছেন। অনেকে মনে করছেন, রাকেশ বেদি অভিনীত ‘জামিল জামালি’ চরিত্রটি তাঁর সঙ্গে অনেকটা মিলে যায়, বিশেষ করে গল্পের সময়কালে তিনি করাচির লিয়ারি এলাকার এমএনএ ছিলেন। ট্রলিংয়ের জবাবে ভারতকে এবার ধমক দিয়েছেন গাবোল।

এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে কথায় গাবোল বলেন, চরিত্রটির উপস্থাপন নিয়ে তিনি অসন্তুষ্ট। তিনি সমালোচনা করে বলেন, ‘তারা (ভারত) পাকিস্তান বা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে পারে না, তাই একটি সিনেমা বানিয়েছে। এর মাধ্যমে তারা লিয়ারিকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে। লিয়ারির মানুষ এসব নিয়ে মাথা ঘামায় না, তারা অনেক শক্ত। আমার চরিত্রে একজন কমেডিয়ান, রাকেশ বেদিকে নেওয়া হয়েছে এবং তাকে নাবিল গাবোল হিসেবে দেখানো হয়েছে।’

গাবোল আরও বলেন, ‘রাকেশ বেদি বলেছেন, তিনি শুধু আমাকে নয়, সব পাকিস্তানি রাজনীতিবিদদের মিলিয়ে চরিত্রটি করেছেন। কিন্তু ২০০৭ সালে লিয়ারির এমএনএ ছিলাম আমি।’

সোশ্যাল মিডিয়ায় ট্রলিং নিয়েও তিনি কথা বলেন। গাবোল বলেন, ‘ভারতীয় সোশ্যাল মিডিয়ায় অনেকেই জিজ্ঞাসা করছে, নাবিল গাবোল কেন চুপ। আমি জোরালো জবাব দেব। যেমন পাকিস্তানি সেনাবাহিনী জবাব দিয়েছে, আমিও লিয়ারি আসলে কী, তা দেখাব।’

নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গাবোল একটি সিনেমা বানানোর পরিকল্পনা করছেন, যার সম্ভাব্য নাম ‘লিয়ারি কা গব্বর’।

আগের কিস্তি ‘ধুরন্ধর’ মুক্তির সময়ও গাবোল একই ধরনের আপত্তি তুলেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আমার চরিত্রকে সঠিকভাবে দেখানো হয়নি। আমি অনেক দাপুটে ছিলাম, কিন্তু সেটি ঠিকভাবে তুলে ধরা হয়নি।’

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ মুক্তি পেয়েছে ১৯ মার্চ। প্রথম দিনেই এটি ১০২ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। শুধু ভারত নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটি দুর্দান্ত সাফল্য দেখাচ্ছে। ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে রণবীর সিং একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন, গল্প আবর্তিত হয়েছে করাচির লিয়ারি এলাকাকে ঘিরে। ছবিতে অভিনয় করেছেন আরও অর্জুন রামপাল, অক্ষয় খান্না, সারা অর্জুন ও সঞ্জয় দত্ত।

এনডিটিভি অবলম্বনে