‘আমার সব শেষ অই গিছে। আমার পুয়া বিদেশ যাইবার লাগি পাগল আছিল। গেইমে (ছোট নৌকা) তোলার আগে টেকার লাগি দালালে তারে পিঠাইছে। গেইমে খানি নাই, পানি নাই। পুয়াটা পানি পানি কইরা মরছে। খাইবার পানি পাইছে না।’
ভূমধ্যসাগরে ছেলে শায়েক আহমদের (২৩) মৃত্যুর সংবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরের এক বাড়িতে সত্তরোর্ধ্ব আখলুছ মিয়া উঠোনে গড়াগড়ি দিয়ে এভাবে আহাজারি করছিলেন। তাঁর দুই ফুপু শেলি বেগম ও হেনা বেগমও একইভাবে কাঁদছিলেন।
রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা সদর থেকে ৫৪ কিলোমিটার দূরে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের টিয়ারগাঁও গ্রামে এই হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়।
শায়েক আহমদ কেবল একাই নন। লিবিয়া থেকে ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে ২২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সুনামগঞ্জের ১২ জন। সুনামগঞ্জের মারা যাওয়া সবাই তরুণ। গত ২১ মার্চ লিবিয়া থেকে নৌকায় গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। সাগরে পথ হারিয়ে ছয় দিন ছিলেন। অনাহারে তাঁরা মারা যান। পরে সঙ্গীরা লাশ ভাসিয়ে দেন সাগরে। শুক্রবার গ্রিস উপকূলে বোটে থাকা জীবিতদের উদ্ধার করে সে দেশের কোস্টগার্ড।
আখলুছ মিয়া বলেন, ছেলে শায়েক এলাকার আরও কয়েকজনের সঙ্গে দালাল আজিজুল ইসলামের মাধ্যমে গ্রিসে যাওয়ার জন্য চার মাস আগে বাড়ি ছাড়েন। প্রথমে দালালকে সাড়ে চার লাখ টাকা দেন তিনি। সৌদি আরব, কুয়েতসহ কয়েক দেশ ঘুরে লিবিয়া পৌঁছান তারা। লিবিয়া থেকে দালাল আজিজুল জানান, গ্রিসের গেমে শায়েককে তোলার আগে আরও সাড়ে ৭ লাখ টাকা দিতে হবে। জমি, গরু বিক্রি করে সেই টাকা দেন আখলুছ। কিন্তু প্রথম দিন শায়েক নৌকায় উঠতে গিয়ে পায়ে আঘাত পান, তাই যেতে পারেননি। পরে ২১ মার্চের গেমে তাঁকে তুলে দেওয়া হয়। শনিবার গ্রিসে থাকা এলাকার তরুণ সোহেল আহমদ ফোন করে শায়েকের মৃত্যুর খবর জানান।
সোহেলের বরাতে শায়েকের চাচা আঙ্গুর মিয়া বলেন, সাগর থেকে জীবিত উদ্ধার ব্যক্তিদের দেখতে ক্যাম্পে গিয়ে শায়েকের খোঁজ নেন সোহেল। তখন অন্যরা জানায়, নৌকায় খাবারের অভাবে অনেকে মারা গেছেন, শায়েকও ছিলেন। নৌকায় দুদিন লাশ রেখে সাগরে ফেলে দেওয়া হয়। আঙ্গুর মিয়া বলেন, নৌকায় এক দিন পরই খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যায়। ২৪ ঘণ্টার খাবার নিয়ে এসব নৌকা ছাড়ে। কিন্তু পথ হারিয়ে খাদ্যসংকটে পড়ে সবাই।
ভূমধ্যসাগরে মৃত ১২ জন সুনামগঞ্জের বাসিন্দা, লাশ ফেলা হয় সাগরে। শায়েকের ফুপু হেনা বেগম কাছে যাঁকেই পান তাঁকে ধরে লাশ এনে দেওয়ার আকুতি জানাচ্ছিলেন। তিনি বলেন, ‘মা নাই পুয়া। আমরারে লাশটা আইন্না দেও। সোনার চানের মুখটা দেখি। না খাইয়া পুয়াটা মরছে। শুনছি খালি পানি পানি করছে। একফোঁটা খাইবার পানি পাইছে না। হায়রে হায়...।’
প্রতিবেশীরা জানান, আখলুছ মিয়া দীর্ঘদিন কুয়েতে ছিলেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে। শায়েক সবার বড়। সামান্য জমি চাষ করে চলে এই সংসার। শায়েকই ছিলেন ভরসা। এখন সাগরে সব শেষ।
দুপুরের পর রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বাড়িতে যান। তিনি বলেন, ‘আমার ইউনিয়নেই দুজন মারা গেছে। দুজনই তরুণ। পরিবারগুলো কীভাবে সহ্য করবে।’
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাহ আখলুছ মিয়াকে সান্ত্বনা দেন। তিনি বলেন, ‘লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে এই উপজেলার পাঁচজনের মৃত্যু হয়েছে। আমি সবার বাড়িতে যাচ্ছি। তাদের খোঁজখবর নিচ্ছি। একই সঙ্গে দালালদের তালিকা করা হচ্ছে। এই তালিকা পুলিশকে দেওয়া হবে ব্যবস্থা নেওয়ার জন্য।’






