স্মার্ট চশমার জনপ্রিয়তা বিশ্বব্যাপী দ্রুত বাড়ছে। এই সুযোগে মেটা নিজস্ব তৈরি ‘স্ক্রাইবার’ এবং ‘ব্লেজার’ কোডনামের দুটি নতুন স্মার্ট চশমা বাজারে আনার প্রস্তুতি নিয়েছে। এই চশমাগুলোতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাচ ব্যবহার করা যাবে। ফলে সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি চশমা পরার প্রয়োজনীয় ব্যক্তিরাও এগুলো সহজে ব্যবহার করতে পারবেন।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই স্মার্ট চশমাগুলো বাজারে আনার ঘোষণা দিতে পারে মেটা। এই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চশমাগুলোতে ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার এবং মেটা এআই ইন্টিগ্রেশন রয়েছে। শুধু তা–ই নয়, ওয়াই-ফাই ৬ এবং ইউএনআইআই৪ ব্যান্ডও সমর্থন করবে চশমাগুলো, যা বর্তমান মডেলগুলোর তুলনায় আরও ভালো অভিজ্ঞতা দেবে। দুটি চশমার সঙ্গে পাওয়া যাবে উন্নত মানের চার্জিং কেস।

ধারণা করা হচ্ছে, ব্লেজার মডেলের চশমাটি দুটি আকারের ফ্রেমে পাওয়া যাবে। অপর দিকে স্ক্রাইবারের ফ্রেমের আকার হবে নির্দিষ্ট। তবে চশমা দুটির দাম সম্পর্কে কোনো তথ্য জানায়নি মেটা।

প্রসঙ্গত, স্মার্ট চশমার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগও বাড়ছে। কারণ, বাইরে থেকে বোঝা কঠিন কেউ সাধারণ চশমা পরেছেন, নাকি ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা ব্যবহার করছেন। অথচ এ ধরনের চশমার মাধ্যমে সহজেই গোপনে ভিডিও ধারণ বা ছবি তোলা সম্ভব।

সূত্র: দ্য নেক্সট ওয়েব