বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলেও গ্রাহকেরা এখন সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারবেন। সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে চালু হওয়া ‘পে-লেটার’ সেবার মাধ্যমে নিজের বা প্রিয়জনের নম্বরে এই রিচার্জ সম্পন্ন করা যাবে। গ্রাহকেরা চাইলে পরবর্তী সাত দিনের মধ্যে কোনো ইন্টারেস্ট বা সুদ ছাড়াই টাকা পরিশোধ করতে পারবেন।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিকাশের পক্ষ থেকে বলা হয়, যেসব গ্রাহক এই ‘পে-লেটার’ সেবার জন্য বিবেচিত হবেন, তারাই এই সুবিধা নিতে পারবেন। এই সেবার মাধ্যমে দেশের যেকোনো অপারেটরে ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে, তবে এ ক্ষেত্রে প্রসেসিং ফি যুক্ত হবে। গ্রাহকেরা ইন্টারনেট, মিনিট, বান্ডিল বা টকটাইমের মতো যেকোনো ধরনের রিচার্জ তাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রিপেইড ও পোস্টপেইড উভয় ধরনের গ্রাহকেরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। পে-লেটার সেবার আওতায় নির্ধারিত অঙ্কের টাকা একবারে বা কয়েকবারে নেওয়ার সুযোগ রয়েছে। বিকাশ অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন, প্রয়োজনে গ্রাহকেরা এই সেবা ব্যবহার করতে পারবেন।

এই সেবা নিতে গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের ‘মোবাইল রিচার্জ’ অপশনে যেতে হবে। এরপর পছন্দের নম্বর ও টাকার পরিমাণ (১০০-১,০০০ টাকা) নির্বাচন করতে হবে। পেমেন্ট স্ক্রিনে ‘পে-লেটার’ অপশনটি বেছে নিয়ে ‘৭ দিনে পরিশোধ’ নির্বাচন করার পর বিস্তারিত দেখে নিশ্চিত করলেই রিচার্জ সম্পন্ন হবে। তবে এই সেবা শুধুমাত্র যারা বিকাশ অ্যাপে পে-লেটার সেবার জন্য বিবেচিত হয়েছেন, তারাই ব্যবহার করতে পারবেন।

পে-লেটার সেবার মাধ্যমে রিচার্জের টাকা সাত দিন পর বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স রাখতে হবে। গ্রাহক চাইলে এর আগেও টাকা পরিশোধ করতে পারবেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করলে শর্ত অনুযায়ী বিলম্ব ইন্টারেস্ট বা সুদ প্রযোজ্য হবে।

বিকাশের এই নতুন পে-লেটার সেবা মোবাইল রিচার্জকে আরও সহজ করে তুলবে এবং গ্রাহকের জীবনযাত্রাকে নিরবচ্ছিন্ন রাখবে। একই সঙ্গে এটি ক্যাশবিহীন ডিজিটাল লেনদেনের কার্যকর ব্যবহার নিশ্চিত করবে।