কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চুরির সন্দেহে এক অজ্ঞাত পরিচয় তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের বয়স প্রায় ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার সকালে পাঁচগাছী ইউনিয়নের কাচ্চির ফারাজিপাড়া গ্রাম থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে ফারাজিপাড়া এলাকায় চুরি করতে আসার সন্দেহে ওই তরুণকে স্থানীয়রা ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতার মারধরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ এবং তারা বর্তমানে কুড়িগ্রাম সদর থানার হেফাজতে রয়েছেন।

আজ দুপুরে মুক্তকণ্ঠকে ওসি জাহাঙ্গীর আলম বলেন, নিহত তরুণের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহের ছবি তুলে বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার বাসিন্দা হতে পারেন। মরদেহ থানায় আনা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।