ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মো. আব্দুর রউফ এই ব্যবস্থা গ্রহণ করেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) জাহিদ আহসান এবং কনস্টেবল আবু কাউছার। তাঁদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর উপজেলার নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে টহলরত নবীনগর থানার এসআই আহসান জাহিদ ও কনস্টেবল আবু কাউছার একটি গাঁজাভর্তি পিকআপ আটক করেন। তবে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ওই বিপুল পরিমাণ গাঁজার চালান ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়টি পুলিশ সুপার আব্দুর রউফের দৃষ্টিগোচর হলে তিনি নবীনগর থানার ওসিকে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। শুক্রবার রাতে অভিযোগের সত্যতা পাওয়ায় এসআই আহসান জাহিদ ও কনস্টেবল আবু কাউছারকে সাময়িক বরখাস্ত করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে এই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাঁরা পুলিশ লাইনসে সংযুক্ত রয়েছেন।

পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ মুক্তকণ্ঠকে বলেন, ‘কিছু আলামত আমরা পেয়েছি। তাই তাঁদের বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন আছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’