চট্টগ্রামের পটিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। এ সময় এই তিনটি যানবাহনের চালক আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কমলমুন্সীর হাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর খরনা গ্রামের মোহাম্মদ কামাল (৫০) ও আজিমপুর গ্রামের মো. ইছমাইল (৫৫) এবং পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার মধ্যম হাসিমপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন (৪০)। তাঁদের মধ্যে ইছমাইল ইজিবাইকের এবং অন্য দুজন অটোরিকশার চালক।

দুর্ঘটনার বিষয়টি পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মোশারফ হোসেন মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীবাহী বাসটি দেশ ট্রাভেলসের। দুর্ঘটনার পর সেটি আটক করা হয়েছে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।