ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম আবু বক্কর (২৫)। তিনি গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার দেবীপাড়া গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, আবু বক্কর ঈদের ছুটিতে গাজিপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাচ্ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে তাঁর মোটরসাইকেলটি পাক্কা মসজিদ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম মুক্তকণ্ঠকে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহত তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।






