অর্থ আত্মসাতের মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারকে পাঁচবছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ মুক্তকণ্ঠকে বলেন, আদালত আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। আসামি পলাতক থাকায় রায় ঘোষণার সময় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
দুদক জানায়, ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চেয়ারম্যান পদে থাকাকালে নুরুল আবছার পৌরসভার ২৯ লাখ ১ হাজার টাকাআত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৯৯১ সালে দুদক মামলা করে। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ মামলাটির রায় হলো। এর আগে গত বুধবার আরও তিনটি মামলায় নুরুল আবছারকে তিন বছরের কারাদণ্ড দেন একই আদালত।






