কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখীর সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই নারীর নাম শেফালী বর্মণ (৫৫)। তিনি দড়িকান্দি গ্রামের মৃত রঞ্জন চন্দ্র বর্মণের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর শেফালী তাঁর বাবার বাড়িতে একটি টিনের ঘরে থাকতেন। তাঁর দুই মেয়ের বিয়ের পর তিনি একাই থাকতেন।

গতকাল রাত ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী শুরু হলে ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠালগাছ ভেঙে শেফালীর ঘরের ওপর পড়ে। এ সময় তিনি রাতের খাবার খাচ্ছিলেন। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঝড় থামার পর বাড়ির মানুষের চিৎকারে স্থানীয় মানুষেরা ছুটে এসে গাছ সরিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, গতকাল রাতে ঝড়ে গাছচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। প্রশাসন বিষয়টির খোঁজখবর নিচ্ছে।