দায়িত্ব পালনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বিরুদ্ধে জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠার পর তথ্যানুসন্ধানে গঠিত ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকের পর এই কমিটির প্রধান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, তাঁরা তদন্তের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। বিষয়গুলো এখনই প্রকাশ করবেন না তাঁরা। কমিটি প্রতিদিনই কাজ করছে। যতগুলো ইস্যু আছে, সব নিয়ে আসবে এই কমিটি।
সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং অভিযুক্ত পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারকে কমিটি ডাকবে কি না, সেসব বিষয়ে তদন্তের স্বার্থে প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন আমিনুল ইসলাম।
‘জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’ শিরোনামে গত ১০ মার্চ মুক্তকণ্ঠ ও নেত্র নিউজের যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। আরও কয়েকটি সংবাদমাধ্যমও এ বিষয়ে খবর প্রকাশ করে। সেদিনই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়।
এই কমিটি প্রথম বেঠক করে ১১ মার্চ। চিফ প্রসিকিউটর ছাড়া এই কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর মো. আবদুস সোবহান তরফদার, মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিন এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ের সিনিয়র আইন গবেষণা কর্মকর্তা মো. ছিফাত উল্লাহ। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, আবদুস সোবহান, মার্জিনা রায়হান ও জহিরুল আমিন।
মুক্তকণ্ঠ ও নেত্র নিউজের অনুসন্ধানে উঠে আসে, গত ৯ মার্চ পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি চট্টগ্রাম-৬ আসনের (রাউজান) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন।






