ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। আজ রোববার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর এটি গৃহীত হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্র মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে বিতর্কিত প্রক্রিয়ায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ছিলেন একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ পদে চাকরিকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল।

৩ মার্চ আব্দুস সালাম ব্যাপারী পরিবারের কানাডায় বাড়ি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল মুক্তকণ্ঠ। কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি—শিরোনামে মুক্তকণ্ঠের অনুসন্ধান প্রতিবেদনটি প্রকাশের পর সরকারি অনুষ্ঠানে অংশ নিতে তাঁকে নিষেধ করা হয়। এ জন্য ঢাকা ওয়াসারই একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও সেখানে যেতে পারেননি তিনি।

ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা ইমরুল হাসান বিকেল সোয়া চারটার দিকে মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, স্যার (আব্দুস সালাম ব্যাপারী) পদত্যাগ করেছেন বলে তিনি একটু আগে শুনেছেন।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে।

১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন আব্দুস সালাম ব্যাপারী। ঢাকা ওয়াসা সূত্র বলছে, চাকরিজীবনে বিভিন্ন পদে তিনি আড়াই কোটি টাকার মতো বেতন–ভাতা পেয়েছেন।