অভিনয়শিল্পী স্বামী জাহের আলভীর (নিয়ামত উল্লাহ ভূঁইয়া) সঙ্গে মনোমালিন্যের জেরে ‘আত্মহত্যা’ করেছেন স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার তাঁকে ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাদ আসর সমাহিত করা হয়।

আজ সোমবার দুপুরে জানা গেল, ইকরার ব্যবহার করা ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। বেলা একটার সময়ও তাঁর ফেসবুক আইডি সচল ছিল। হঠাৎ দেড়টার দিকে বান্ধবীদের একজন সামিয়া আলম টের পান, ইকরার আইডি হ্যাক হওয়ার বিষয়টি। তিনি মুক্তকণ্ঠের কাছে দাবি করেছেন, জাহের আলভী হ্যাক করেছে ইকরার ফেসবুক আইডি।

.অভিনেতা আলভীর খোঁজ মিলছে না, দেশে ফেরা নিয়ে ধোঁয়াশায় পুলিশ.

ফেসবুক হ্যাক হওয়ার ব্যাপারটি কীভাবে টের পেলেন, এমন প্রশ্নে সামিয়া আলম মুক্তকণ্ঠকে জানালেন, তাঁদের তিন বন্ধুর একটি চ্যাট গ্রুপ ছিল। সেই চ্যাট গ্রুপে হঠাৎ করে দেখতে পেলেন, ইকরার কথাবার্তা সব মুছে দেওয়া। অন্য বান্ধবীর সঙ্গে এ নিয়ে আলাপ করেন। তারপর তাঁরা নিশ্চিত হন, এই কাজটা জাহের আলভী করেছেন।’

কেন আলভীর প্রতি অভিযোগের তির? এমন প্রশ্নে সামিয়ার উত্তর, ‘আলভীর ফেসবুক আইডি হ্যাক করানোর সঙ্গে জড়িত। এর আগেও আমরা তাঁর হ্যাক করার গল্প শুনেছি। যেহেতু আমরাই ইকরার কাছের বন্ধু, তাই আমাদের সঙ্গে তাঁর কথোপকথন সব মুছে দিলে হয়তো আলভী বেঁচে যাবে। আমাদের এই গ্রুপে ইকরার তাঁর পারিবারিক অনেক সমস্যা ও সংকটের কথা বলেছে। আলভীর ব্যাপারে অনেক অভিযোগ এই গ্রুপে আছে—তাই হয়তো হ্যাক করে মুছে দিলে এসব থেকে রেহাই পাবে ভাবছে।’

.ইকরার মৃত্যু, অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে মামলা.

সামিয়া আলম জানালেন, ইকরার মৃত্যুর পর থেকেই তাঁর ব্যবহৃত মুঠোফোন পল্লবী থানার পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।

এদিকে স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভীর খোঁজ মিলছে না। রোববার রাতে দেশে ফিরেছেন, এমনটা শোনা গেলেও তাঁর দেখা মেলেনি। কেউ বলতে পারছেন না এখন তিনি কোথায়।

.মৃত্যুর আগে আলভীর স্ত্রী ইকরা কী কী বলেছিলেন, জানালেন বান্ধবী.

আলভী ও ইকরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র মুক্তকণ্ঠকে জানিয়েছে, গতকাল রোববার বিকেলে জাহের আলভী নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর বেশ কিছুক্ষণ বিমানবন্দরের ভেতরেই অবস্থান করেন। ঢাকায় ফেরার কয়েক ঘণ্টা পর একজনের মধ্যস্থতায় তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। এদিকে আলভীর ফোন, ফেসবুকসহ সব ধরনের যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।