বগুড়া শহরে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সকালে শহরের মাহবুব নগর এলাকায় প্রতিপক্ষ তাঁকে ছুরিকাঘাত করে।
সাইফুল ইসলাম স্থানীয় একটি মসজিদের খতিব। পাশাপাশি তিনি ব্যবসাও করতেন। তাঁর বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়। শহরের মাহবুবনগর এলাকায় তিনি বসবাস করতেন এবং সেখানে জায়গা কিনে বাড়ির কাজ শুরু করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জায়গাজমি নিয়ে এক পক্ষের সঙ্গে তাঁর বিরোধ ছিল। রোববার সকালে বিবদমান জায়গায় বাড়ির কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






