চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে উপজেলার আধুনগর ইসলামিয়া মাদ্রাসার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম কনক বড়ুয়া (৪০)। তিনি একই উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া এলাকার রমেশ বড়ুয়ার ছেলে। তিনি ওই সিএনজিচালিত অটোরিকশাটির চালক ছিলেন। আহত সাতজনের মধ্যে একজন পিকআপচালক, একজন চালকের সহকারী ও বাকি পাঁচজন অটোরিকশার যাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘যাত্রীবাহী অটোরিকশাটি আধুনগর নয়াপাড়া এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী দ্রুতগতির পিকআপের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে আটজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আর গুরুতর আহত ছয়জনকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালা উদ্দিন চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। পিকআপচালক পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’