খুলনায় শেখ সোহেল (৪১) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে নগরের খানজাহান আলী থানার আফিলগেট পেট্রলপাম্পসংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত শেখ সোহেল খানজাহান আলী থানাধীন আটরা শেখপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে। তিনি মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা আড়াইটার দিকে আফিলগেট এলাকার বিসমিল্লাহ মোটর গ্যারেজে মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। বেলা সোয়া তিনটার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর চার থেকে পাঁচটি গুলি ছোড়েন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছোটাছুটি করতে থাকেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, একপর্যায়ে হামলাকারীদের একজন কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শেখ সোহেল। সেখানেই তাঁর মৃত্যু হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করে মুক্তকণ্ঠকে বলেন, দুজন যুবক তাঁকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।






