ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড়সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম ও বাসচালক আবদুল বাসেত। নিহত অন্যজন পথচারী। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় সেনাসদস্যসহ আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে কাকলি রাইস মিলের সামনে সেনাবাহিনীর ময়মনসিংহগামী ট্রাকের সঙ্গে শেরপুরগামী খান ট্রাভেলসের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে এক পথচারী নিহত হন।

গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিমকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসচালক আবদুল বাসেতকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সেনাসদস্যসহ আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন মুক্তকণ্ঠকে বলেন, সেনাবাহিনীর সদস্যরা ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, যাত্রীবাহী বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করায় সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর ট্রাকচালক, বাসচালক ও এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠান।