চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়।

জানতে চাইলে শেখ আব্দুর রশীদ আজ মুক্তকণ্ঠকে বলেন, তিনি আগেই পদত্যাগ করেছিলেন। কিন্তু নির্বাচনের কারণে গৃহীত হয়নি। এখন আদেশ হয়েছে।

শেখ আব্দুর রশীদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। কিন্তু ২০২৪ সালে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তাঁকে চুক্তি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়। এরপর ওই বছরের ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তাঁকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।