দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আমদানি করা বাইসাইকেলের গুণগত মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে তাঁর নিজ কার্যালয়ের নিচে প্রদর্শিত বিভিন্ন ধরনের বাইসাইকেল চালিয়ে এর কার্যকারিতা পরীক্ষা করেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এই বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে মেধাবী ছাত্রীদের মাঝে বিতরণের উদ্দেশ্যে বেশ কয়েকটি মডেলের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি প্রতিটি সাইকেল নিজে চালিয়ে সেগুলোর মান এবং ব্যবহারিক উপযোগিতা পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করে দেখেন।

এই বিশেষ প্রকল্পের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হবে। নিয়ম অনুযায়ী, প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবেন। মূলত ছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমিয়ে আনতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাইকেল যাচাইয়ের এই প্রক্রিয়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।