ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণা নিয়ে সরকার কোনো ধরনের চাপের মুখে নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানান, সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান বজায় রাখা সরকারের একটি নিয়মিত কার্যক্রম মাত্র।

সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “তিনি আসিব আসিব বলেন। একবার বলেছেন নভেম্বরে আসবেন। একবার বলেন ডিসেম্বরে আসবেন। কবে আসবেন সেটা জানা নেই। সরকারের এদিকে মনোযোগ নেই। সরকার কোনো চাপেও নেই।”

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। এই বিষয়ে ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠানো হয়েছে। ভারত কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইনানুযায়ী বিষয়টি পরীক্ষা করে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

আজ বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সরকারের কঠোর নজরদারির আওতায় আছেন এবং নির্দিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে চার্জশিট দাখিল এবং বিচারিক কার্যক্রম সম্পন্ন হলে আদালত যে রায় প্রদান করবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

পোশাক শ্রমিকদের মজুরি সংক্রান্ত আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি নির্ধারণ করার পরেও যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, তারা প্রকৃত শ্রমিক নন। সাধারণ শ্রমিকেরা তাদের সঙ্গে নেই। এই আন্দোলনের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।

ফ্যাসিস্ট শক্তির লকডাউন বা শাটডাউন প্রচেষ্টার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশের মানুষ তা মেনে নেবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। সরকার কৌশলে সাধারণ মানুষের প্রাণহানি রোধ নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও তা করবে। তবে কেউ যদি ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়, তবে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে, তারা কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “তারা কখনও রাজনীতি করতে পারবে না।” এছাড়া তিনি জানান, কোনো প্রাণহানি ছাড়াই গোপালগঞ্জে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। তবে কেউ যদি উগ্রবাদী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে চায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।