গোপালগঞ্জে বন্ধ হয়ে যাওয়া ট্রেন সেবা এখনই পুনরায় চালু করার পরিকল্পনা নেই সরকারের। গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও মহড়ার পর থেকে এই জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নাশকতার প্রবল আশঙ্কা থাকায় সরকার এখনই ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করছে না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই কেবল ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।

একইভাবে, অগ্নিসংযোগের ফলে পুড়ে যাওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও খুব দ্রুত চালু হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা এই দুই থানার কার্যক্রম পুনরায় চালু করার অনুরোধ জানালেও তা বাস্তবায়ন করতে আরও সময়ের প্রয়োজন। বর্তমানে এই দুই থানার যাবতীয় কার্যক্রম গোপালগঞ্জ সদর থানার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুড়ে যাওয়া থানা দুটির সংস্কার কাজ শুরু করা হবে। অন্যদিকে, সরকারের একাধিক সূত্র মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছে যে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত রাখা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সারা দেশের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জের তৃতীয় কিস্তির অর্থ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত এই প্রতিষ্ঠানগুলোতে চার কিস্তিতে অর্থসহায়তা প্রদান করা হয়, তবে গোপালগঞ্জের ক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চ কিস্তির টাকা ছাড় বন্ধ থাকবে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, “ট্রেনযোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুটি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন।” তবে ঠিক কবে নাগাদ এই দুই থানার কার্যক্রম পুনরায় চালু হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির মুক্তকণ্ঠকে বলেন, “পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হয়নি। কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও চালু হয়নি। এ সেবা চালু হতে সময় লাগবে।”

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা মুক্তকণ্ঠকে জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে সরকার বলপ্রয়োগ করবে না।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর লগি-বইঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। দলটির নেতা-কর্মীরা জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন। এরপর বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়। এই চরম অরাজকতার জেরে ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয় সরকার।

১৫ নভেম্বরের সেই নাশকতার পর ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। তারপর থেকেই ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলে স্থানীয় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সাধারণ ডায়েরি (জিডি) করা কিংবা মামলা করার মতো মৌলিক সুযোগগুলো তারা পাচ্ছেন না। পরবর্তীতে ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ বাধে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা মুক্তকণ্ঠকে জানিয়েছেন, “ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে সরকার বলপ্রয়োগ করবে না। কোনো ধরনের মারণাস্ত্রও ব্যবহার করা হবে না। এটাই সরকারের অবস্থান।” ওই কর্মকর্তা আরও বলেন, “আবারও গাছ কেটে রাস্তা বন্ধ করে দেওয়া হলে বা কারও ঘরবাড়িতে হামলা হলেও সরকারের অবস্থান আগের মতোই থাকবে।”

রেলপথ মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, গোপালগঞ্জে আগে দিনে পাঁচটি ট্রেন চলাচল করত। বন্ধ হওয়ার আগে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ সকাল ছয়টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত এবং রাত সাড়ে ১০টার মধ্যে পুনরায় গোপালগঞ্জে ফিরে আসত। ‘অভিযাত্রী কমিউটার ট্রেন’ ঢাকা থেকে গোপালগঞ্জে দিনে একবার চলাচল করত। ‘রূপসী বাংলা’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত এবং ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত চলাচল করত। এছাড়া ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত চলাচল করত। ১৫ নভেম্বর থেকে এই সবকটি ট্রেন সেবা বন্ধ রয়েছে।

ট্রেন সেবা বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম সংকটে পড়েছেন। বাসের তুলনায় ট্রেনে যাতায়াত অনেক বেশি সাশ্রয়ী এবং সময়সাপেক্ষ কম হওয়ায় অনেকেই এই সেবার জন্য অপেক্ষা করছেন। ট্রেন সেবা চালুর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন স্থানীয় অনেক নাগরিক।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে ট্রেন পুনরায় চালু করার বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছিল। তবে নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে এখনই ট্রেন যোগাযোগ চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। ওই কর্মসূচিগুলো থেকে আবারও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটতে পারে এবং পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তাই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এসব সেবা চালু হওয়ার সম্ভাবনা নেই।