সার্চ ইঞ্জিনে কোনো তথ্য খোঁজা, সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের পোস্ট দেখা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে জটিল কোনো কাজ সম্পন্ন করা—প্রতিটি ক্ষেত্রেই কাজ করছে অ্যালগরিদম। বর্তমান যুগের আধুনিক প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। কম্পিউটার মূলত কীভাবে তথ্য বিশ্লেষণ করবে, কোন নিয়মে হিসাব-নিকাশ করবে কিংবা কীভাবে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান বের করবে, তা নির্ধারণ করে দেয় এই অ্যালগরিদম।
সহজভাবে বললে, নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য কম্পিউটারকে ধাপে ধাপে যেসব নির্দেশনা দেওয়া হয়, সেগুলোর সমষ্টিই অ্যালগরিদম।
অ্যালগরিদমের এই জটিল ধারণাটি সহজে বোঝার জন্য রান্নার রেসিপির সঙ্গে তুলনা করা যেতে পারে। একটি রেসিপিতে যেমন কোনো খাবার তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ এবং রান্নার ধাপগুলো ধারাবাহিকভাবে উল্লেখ থাকে, ঠিক তেমনি অ্যালগরিদমে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য এবং সেগুলো প্রক্রিয়াকরণের নিয়মগুলো সুবিন্যস্তভাবে সাজানো থাকে।
একটি কার্যকর অ্যালগরিদমের বেশ কিছু মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান। এর প্রতিটি নির্দেশনা হতে হবে অত্যন্ত সুনির্দিষ্ট ও দ্ব্যর্থহীন। নির্দেশনাগুলো এমন হতে হবে, যাতে কম্পিউটার সেগুলো বাস্তবে কার্যকর করতে পারে। পাশাপাশি অ্যালগরিদমের কাজের একটি নির্দিষ্ট সমাপ্তি বা শেষ সীমা থাকতে হবে। অর্থাৎ এটি অনির্দিষ্টকাল ধরে চলতে পারবে না। নির্দিষ্টসংখ্যক ধাপ সম্পন্ন করার পর অ্যালগরিদমকে অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করতে হবে অথবা কাজ বন্ধ করতে হবে।
একটি অ্যালগরিদমের কার্যপ্রক্রিয়া মূলত তিনটি প্রধান ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো হলো ইনপুট, প্রসেসিং ও আউটপুট। প্রক্রিয়ার শুরুতে প্রয়োজনীয় তথ্য গ্রহণ করা হয়, এরপর সেগুলো নির্দিষ্ট নিয়মে প্রক্রিয়াকরণ করা হয় এবং সবশেষে ব্যবহারকারী কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে থাকেন।
সমস্যার ধরন ও সমাধানের পদ্ধতি অনুযায়ী অ্যালগরিদমের বিভিন্ন শ্রেণি রয়েছে। কম্পিউটারবিজ্ঞানে বহুল ব্যবহৃত কয়েকটি অ্যালগরিদম হলো সর্টিং অ্যালগরিদম, সার্চ অ্যালগরিদম, রিকার্সিভ অ্যালগরিদম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং অ্যালগরিদম।
প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালগরিদমের গুরুত্বও বৃদ্ধি পাচ্ছে। ই-কমার্সে পণ্য সুপারিশ, গুগল ম্যাপে সঠিক পথ খোঁজা, উন্নত স্বাস্থ্যসেবা এবং আধুনিক অর্থনীতি—প্রতিটি ক্ষেত্রেই পর্দার আড়ালে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন ধরনের অ্যালগরিদম।
সূত্র: এইচপি ডটকম