উচ্চমাধ্যমিক শেষ করে একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বুনেন, তখন তাঁর সামনে প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভর্তি পরীক্ষা। তবে দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে অনেক সময় শিক্ষার্থীকে উত্তর থেকে দক্ষিণে কিংবা এক বিভাগ থেকে অন্য বিভাগে ছুটে বেড়াতে হয়।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে আবেদন করা, পৃথক ফি প্রদান, ভিন্ন ভিন্ন পরীক্ষা দেওয়া এবং যাতায়াত ও আবাসনের বাড়তি খরচ বহন করা অনেক পরিবারের জন্য উচ্চশিক্ষার স্বপ্নকে এক ব্যয়বহুল সংগ্রামে পরিণত করে। শিক্ষার্থীদের এই ভোগান্তি লাঘব করার লক্ষ্যেই চালু করা হয়েছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা।

২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হয় এই গুচ্ছ ভর্তি পরীক্ষার যাত্রা, যার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সময়, অর্থ এবং যাতায়াতের কষ্ট কমানো। পরবর্তীতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪টিতে। উদ্যোগটি নিঃসন্দেহে ইতিবাচক ছিল, তবে গত কয়েক বছরে নানা টানাপোড়েনের কারণে এই ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। একের পর এক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি ত্যাগ করে পুনরায় নিজস্ব ভর্তি পরীক্ষায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই পরিস্থিতিতে একটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে—গুচ্ছ ভর্তি পরীক্ষা কি সত্যিই কার্যকর করা সম্ভব নয়, নাকি এর পেছনে প্রয়োজনীয় সমন্বয় এবং সদিচ্ছার অভাবই প্রধান বাধা হিসেবে কাজ করছে?

বাস্তবতা বিচার করলে দেখা যায়, গুচ্ছ পদ্ধতিতে কিছু সমস্যা তৈরি হয়েছে। ভর্তি কার্যক্রমের দীর্ঘসূত্রতা, বারবার মাইগ্রেশন প্রক্রিয়া, আসন খালি থাকা, বিভাগ পছন্দের জটিলতা এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাব শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। এমনকি কিছু ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। এই সমস্যাগুলোকে অস্বীকার করার উপায় নেই, তবে কোনো ব্যবস্থার ত্রুটি থাকলেই তা সম্পূর্ণ বাতিল করে দেওয়ার যুক্তি গ্রহণযোগ্য হতে পারে না।

বিশ্ববিদ্যালয়গুলো কেন গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে যেতে চায়, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কিছু বিশ্ববিদ্যালয়ের অভিযোগ যে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া অনেক দীর্ঘায়িত হয়। অন্যদিকে, নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা শিক্ষার্থী নির্বাচন এবং পুরো প্রক্রিয়ার ওপর সরাসরি নিয়ন্ত্রণ রাখতে পারে। এছাড়া ভর্তি পরীক্ষার আয়, সম্মানী এবং প্রশাসনিক সুবিধার বিষয়েও বিভিন্ন সময়ে আলোচনা ও অভিযোগ শোনা গেছে। তবে সব বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে কেবল একটি নির্দিষ্ট কারণ দিয়ে ব্যাখ্যা করা সঠিক হবে না।

এখানে বড় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার বিষয়টিও সামনে আসে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানগুলো দীর্ঘকাল ধরে গুচ্ছের বাইরে রয়েছে। ১৯৭৩ সালের অধ্যাদেশের অধীনে পরিচালিত এই বিশ্ববিদ্যালয়গুলো তাদের স্বায়ত্তশাসনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং ভর্তিপদ্ধতি নির্ধারণে নিজস্ব সিদ্ধান্তের অধিকার রাখে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থকে কখনোই একে অপরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো উচিত নয়।

বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, গুচ্ছ পদ্ধতিটি যেন এক অদ্ভুত দ্বন্দ্বে রয়েছে—এটি আছে আবার নেই। কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছে টিকে আছে, কিছু বেরিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ নিজস্ব পদ্ধতিতে ফেরার কথা ভাবছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ২০টি প্রতিষ্ঠান রাখার কথা জানানো হয়েছে।

অথচ গুচ্ছ পদ্ধতির মূল লক্ষ্য ছিল ভর্তি প্রক্রিয়া সহজ করা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমানো। বিশ্ববিদ্যালয়গুলোর ভিন্নমুখী সিদ্ধান্তের কারণে সেই উদ্দেশ্য এখন প্রশ্নের মুখে। প্রতি বছর ভর্তিপদ্ধতি এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের তালিকায় যে পরিবর্তন আসছে, তা শিক্ষার্থীদের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি করছে।

আমার বিবেচনায়, সব বিশ্ববিদ্যালয়কে একটি অভিন্ন পরীক্ষার কাঠামোর আওতায় আনার চেষ্টার পাশাপাশি ক্লাস্টারভিত্তিক বিকল্প ব্যবস্থাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে। যেহেতু দেশের সব বিশ্ববিদ্যালয়ের বিষয়, একাডেমিক কাঠামো এবং ভর্তির প্রয়োজনীয়তা এক নয়, তাই প্রয়োজন অনুযায়ী কয়েকটি ক্লাস্টার গঠন করা সম্ভব। যেমন—বড় ও প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি ক্লাস্টার এবং নতুন ও অপেক্ষাকৃত ছোট বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা ক্লাস্টার করা যেতে পারে।

একইভাবে, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পৃথক ক্লাস্টার এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা ক্লাস্টার গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। কৃষি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান বিষয়ভিত্তিক গুচ্ছ ব্যবস্থাকেও আরও উন্নত করা সম্ভব।

তবে মনে রাখতে হবে, ক্লাস্টার গঠনের উদ্দেশ্য যেন নতুন কোনো বিভাজন সৃষ্টি করা না হয়; বরং প্রতিটি ক্লাস্টারের অধীনে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। একজন শিক্ষার্থী যেন একটি ক্লাস্টারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সংশ্লিষ্ট একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রতিটি ক্লাস্টারের পরীক্ষার মান, আবেদন ফি, ফলাফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমের সময়সূচি একটি অভিন্ন নীতিমালার আওতায় পরিচালিত হওয়া প্রয়োজন। এতে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাতন্ত্র্য বজায় থাকবে এবং শিক্ষার্থীদের বারবার পরীক্ষা দেওয়ার প্রয়োজন কমবে।

পাশাপাশি, ভর্তি কার্যক্রমের দীর্ঘসূত্রতা দূর করতে একটি নির্দিষ্ট ভর্তি ক্যালেন্ডার থাকা জরুরি। পরীক্ষা, ফলাফল প্রকাশ, বিষয় নির্বাচন, মাইগ্রেশন এবং চূড়ান্ত ভর্তি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। মাইগ্রেশনের ধাপ সীমিত করতে হবে এবং নির্দিষ্ট সময়ের পর ভর্তি প্রক্রিয়া বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা, বিষয় নির্বাচন ও মেধাতালিকা প্রকাশে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভর্তি কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং স্বাধীন নিরীক্ষার ব্যবস্থা করা প্রয়োজন।

শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও শুধু নির্দেশনা দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা, নিয়মিত তদারকি এবং সমস্যার দ্রুত সমাধানে তাদের সক্রিয় ভূমিকা নিতে হবে।

— ড. মো. সাহাবুল হক
অধ্যাপক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট