ক্রিকেট বিশ্বে বয়স নিয়ে বিতর্ক এক পরিচিত বিষয়। অতীতে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে অধিকাংশ সময়ই ছিল পাকিস্তানের নাম। তবে এবার উল্টো পথে হেঁটে ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি দাবি করেন, সূর্যবংশীর প্রকৃত বয়স ১৫ বছর নয়, বরং অন্তত ২০ থেকে ২১ বছর হবে।
কাগজে-কলমে সূর্যবংশীর বয়স মাত্র ১৫ বছর হলেও মাঠের পারফরম্যান্স দেখে অনেকেই অবাক হয়েছেন। দোহায় অনুষ্ঠিত এসিসি এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। মাত্র ৫৩ বলে ২০৪ রান সংগ্রহ করেন সূর্যবংশী, যার মধ্যে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। তাঁর এই বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে ভারত ‘এ’ দল মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে ৭ উইকেটে জয়লাভ করে। তবে এই অসাধারণ ব্যাটিং দেখে মুগ্ধ হওয়ার পরিবর্তে সন্দেহের বুনন গেঁথেছেন তানভীর।
পাকিস্তানের সাবেক এই পেসার স্পষ্টভাবে বলেন, ‘ওর বয়স ১৫ বছর নয়। অন্তত ২০-২১ বছর হবে। ও যতই প্রতিভাবান হোক, ১৫ বছরের কোনো ছেলের পক্ষে ২৮টি ছক্কা মারা সম্ভব নয়।’ কেবল ব্যাটিং নয়, সূর্যবংশীর শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তানভীরের দাবি, ‘ও এভাবে ছক্কা মারতে পারে না। ১৫ বছরের একটা ছেলের শারীরিক গঠন এত শক্তিশালী হতে পারে না। ওর কাঁধে এত শক্তি থাকার কথা নয়। আমি বিশ্বাস করি না, ওর বয়স ১৫ বছর।’
অনুষ্ঠানের সঞ্চালক যখন সূর্যবংশীর বয়স পুনরায় পরীক্ষা করার প্রস্তাব দেন, তখন তানভীর সংক্ষিপ্ত ও দৃঢ়ভাবে বলেন, ‘হ্যাঁ, পরীক্ষা করা হোক।’
উল্লেখ্য, সূর্যবংশীর বয়স নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। সরকারি নথি অনুযায়ী তাঁর জন্মতারিখ ২৭ মার্চ ২০১১। সেই হিসেবে ২০২৩ সালে তাঁর বয়স হওয়ার কথা ছিল ১২ বছর। তবে ২০২৩ সালেই একটি স্থানীয় হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যবংশী দাবি করেছিলেন, ওই বছরের ২৭ সেপ্টেম্বর তাঁর বয়স ১৪ বছর হবে। সরকারি জন্মতারিখের সাথে এই বক্তব্যের কোনো মিল ছিল না, কারণ ২০১১ সালে জন্ম হলে সেপ্টেম্বরে তাঁর বয়স হওয়ার কথা ছিল সাড়ে ১২ বছর। এই সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রথমবার বড় ধরনের বিতর্ক শুরু হয়।
এরপর ২০২৪ সালের ৫ জানুয়ারি রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে বিহারের হয়ে অভিষেক হয় সূর্যবংশীর। সেই সময় তাঁর সার্টিফিকেটে বয়স উল্লেখ ছিল ১২ বছর ২৮৪ দিন। অভিষেকের পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকরা ২০২৩ সালের সেই সাক্ষাৎকারের ভিডিও সামনে আনেন এবং দাবি করেন যে, সরকারি নথির চেয়ে তাঁর প্রকৃত বয়স অনেক বেশি।
এই সব অভিযোগের বিপরীতে কথা বলেছেন সূর্যবংশীর বাবা সঞ্জীব সূর্যবংশী। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ছেলের বয়স নিয়ে তাঁদের কোনো দ্বিধা বা ভয় নেই। তিনি আরও জানান, বিসিসিআইয়ের বয়স পরীক্ষাতেও অংশ নিয়েছে তাঁর ছেলে। সঞ্জীবের ভাষায়, ‘ওর বয়স যখন সাড়ে আট বছর, তখনই প্রথম বিসিসিআইয়ের বোন টেস্ট দিয়েছিল। সে এরই মধ্যে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছে। আমরা কাউকে ভয় পাই না। প্রয়োজন হলে আবারও বয়স পরীক্ষা দিতে পারে।’