ঢাকার ধামরাইতে জন্ম ও বেড়ে ওঠা অভিনেতা সোহেল খানের। সেখান থেকেই তিনি ঢাকায় এসে অভিনয়ের জগতে প্রবেশ করেন। তাঁর অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল নিজের সহজাত ভাষা এবং মায়ের শেখানো কথা বলার ধরন। দীর্ঘ অভিনয় জীবনে তাঁর মায়ের শিক্ষা ও স্মৃতি ছায়ার মতো পাশে ছিল। শুটিংয়ের বিভিন্ন মুহূর্তে তিনি মায়ের কথা স্মরণ করতেন, যা প্রায়ই তাঁর সাক্ষাৎকারে ফুটে উঠত।
সম্প্রতি অভিনেতা সোহেল খান পরলোক গতি হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একটি চলচ্চিত্রের শুটিং করতে তিনি বগুড়ায় গিয়েছিলেন। গতকাল মঙ্গলবার সকালে হোটেলের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। হাসপাতালের দেওয়া মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।
শুটিং ইউনিটের সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘নসিব’ সিনেমায় অভিনয় করতে ১৯ নভেম্বর থেকে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন। আজ বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল।
সোহেল খানকে অধিকাংশ ক্ষেত্রে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা যেত। এই বিষয়ে তাঁর নিজস্ব দর্শন ছিল। তিনি বলতেন, “আমি নিজে যেভাবে কথা বলি। আমি সেভাবেই অভিনয় করি। রংচং মেখে অভিনয় করা আমার পছন্দ না। এসেছি, খেয়েছিস, কোথায় গিয়েছিস—এই ধরনের সংলাপ আমি ইচ্ছা করেই দিই না। আমার সঙ্গে যায় না। আমি নিজের মধ্যে সব সময় থাকতে চাই। মায়ের আঁচলের নিচ থেকে যে কথা শিখেছি, আমি সেটাই বলার চেষ্টা করি।”
অভিনয়জীবনে এসেও তিনি মায়ের সব কথা মেনে চলেছেন। বিশেষ করে একটি বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মায়ের ধারণা ছিল কোনো ভদ্রলোক মাথার চুল বড় রাখে না। শৈশব থেকেই চুল আঁচড়িয়ে মা বলতেন চুল ছোট রাখতে। আমি সারা জীবন মাথার চুল ছোট রেখেছি। কোনো দিন আমার চুল বড় ছিল না। যাদের সঙ্গে কাজ করেছি, কেউ বলতে পারবে না সোহেল খারাপ। এগুলো পরিবার থেকে শিখেছি।”
অনেকের ধারণা, মোস্তফা সরয়ার ফারুকীর একটি বিজ্ঞাপনের মাধ্যমে তাঁর অভিনয়ের শুরু। তবে এই তথ্যটি সঠিক নয়। এর আগেই তিনি ‘ডিটেকটিভ’ এবং ‘একান্নবর্তী’র মতো ধারাবাহিক নাটকে অভিনয় করে নিজেকে মেলে ধরেছিলেন। তবে ক্যারিয়ারের প্রকৃত উত্থান আসে সেই বিজ্ঞাপনটি দিয়েই। ওই বিজ্ঞাপনের “ওরে কত কথা বলে রে” সংলাপটি ব্যাপক ভাইরাল হয় এবং দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ‘৪২০’, ‘মাইক’ এবং ‘হাউসফুল’ ধারাবাহিক নাটকের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এই জনপ্রিয়তাকে তিনি জীবনের সেরা স্বীকৃতি হিসেবে দেখতেন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, “যখন মাছ কিনতে যাই বা একটি রিকশায় উঠি, তখন সেই লোকগুলো আমাকে চিনতে পারে, আমাকে অনুরোধ করে এক কাপ চা খাওয়ার। প্রতিদিন এমন ভালোবাসা পাই। এটাই আমার জীবনের সেরা স্বীকৃতি।”
তবে মৃত্যুর আগে কিছু বিষয় নিয়ে তাঁর মনে গভীর আক্ষেপ ছিল। প্রায় ছয় মাস আগে ইউটিউব ও ফেসবুকে কিছু ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় সোহেল খান খুব অসহায় অবস্থায় আছেন। একটি ভিডিওর শিরোনাম ছিল, “সোহেল খান এখন খেতে পান না।” এই ধরনের ভিডিও দেখে তিনি অত্যন্ত মনঃক্ষুণ্ন হয়েছিলেন, কারণ তথ্যের সাথে বাস্তবের কোনো মিল ছিল না। এ বিষয়ে তিনি বলেছিলেন, “নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করি, কখনো গরিব, কখনো দোকানদার এসব দৃশ্যের কান্নার সিকোয়েন্স কেটে কিছু অসাধু মানুষ ভিডিও বানিয়েছেন। কিছু মানুষ ভিউয়ের জন্য আমাকে হেয় প্রতিপন্ন করেছিলেন। আমাকে ছোট করেছিলেন। আমি খুব কষ্টে পেয়েছি। মানুষ ভিউয়ের জন্য এগুলো করে। এগুলো ন্যক্কারজনক ঘটনা। আমি কী অন্যায় করেছি, আমি কী অপরাধ করেছি। আমি কোন দুঃখে মানুষের কাছে হাত পাততে যাব।”
দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিনি নিয়মিত কাজ করেছেন এবং পাশাপাশি ব্যবসাও করেছেন। তবে অভিনয়ই ছিল তাঁর জীবনের মূল কেন্দ্রবিন্দু। বিনয় প্রকাশ করে তিনি বলতেন, “আমি নিজেকে কখনোই গুণী অভিনেতা মনে করি না। কারণ, আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। এ টি এম শামসুজ্জামান, রাজ্জাক তাঁরা ছিলেন গুণী। আমি অভিনয় শিখে আসিনি। আমি এখনো শিখছি।”
জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ। মৃত্যুর মাত্র দুই দিন আগে বগুড়ার একটি স্থানীয় পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি আমার মনের দিক থেকে সব সময় একই রকম থাকার চেষ্টা করি। আমার কোনো চাহিদা নাই। আমার গাড়ি লাগব, বাড়ি লাগব, উড়োজাহাজ লাগব—এগুলো ভাবি না। অভিনয় নিয়েই থাকতে চাই। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি ভালো আছি।”