আকাশপথে ভ্রমণের যেন শেষ নেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। এক দেশ থেকে অন্য দেশে ছুটে চলা তাঁর নিত্যদিনের রুটিন। কখনো ফুটবল কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, কখনো রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে সাক্ষাৎ, আবার কখনো নতুন মাঠের উদ্বোধন কিংবা বিভিন্ন টুর্নামেন্টে উপস্থিতি—সব মিলিয়েই তাঁর এই ব্যস্ততা। তবে এই ঘন ঘন সফরের পেছনে অন্য কোনো গোপন উদ্দেশ্য আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিবিসি স্পোর্টের একটি বিশেষ অনুসন্ধানে জানা গেছে, গত ২৮ জুলাই বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পর থেকে মাত্র ১১৫ দিনে ৩২টি দেশ সফর করেছেন ইনফান্তিনো। এই সংক্ষিপ্ত সময়ে তিনি অন্তত ৩৯ বার ব্যক্তিগত বিমানে চড়েছেন, যার অর্থ প্রতি তিন দিনে একবার তিনি ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছেন। সব মিলিয়ে আকাশপথে তিনি পাড়ি দিয়েছেন প্রায় ১ লাখ ২ হাজার ৮৭০ মাইল। উড়োজাহাজে তিনি কাটিয়েছেন মোট ২১৩ ঘণ্টা ৪৯ মিনিট, যা প্রায় ৯ দিনের সমান।
সমালোচকদের মতে, আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে নিজের বর্তমান পদ ও সুযোগ-সুবিধাগুলোকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন না তো ইনফান্তিনো? উল্লেখ্য, ২০২৫ সালের একই সময়ে তিনি সফর করেছিলেন ১৮টি দেশ, কিন্তু এবার সেই সংখ্যার প্রায় দ্বিগুণ দেশ ভ্রমণ করেছেন তিনি।
বিবিসি তাদের এই হিসাব বের করতে ইনফান্তিনোর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, উড়োজাহাজের ফ্লাইট ট্র্যাকিং তথ্য এবং কাতার এক্সিকিউটিভের বিমানের নিবন্ধন নম্বর বিশ্লেষণ করেছে। জানা গেছে, কাতার এয়ারওয়েজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কাতার এক্সিকিউটিভ পরিচালিত ব্যক্তিগত বিমানগুলো ব্যবহার করেন ফিফা সভাপতি। উল্লেখ্য, কাতার এয়ারওয়েজ ফিফার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক।
ফিফার সাবেক গভর্ন্যান্স কমিটির প্রধান মিগেল মাদুরো বিবিসি স্পোর্টকে জানিয়েছেন, ইনফান্তিনোর এই সফরগুলো মূলত ‘তাঁর প্রচারণারই অংশ’। মাদুরোর ভাষায়, ‘সমস্যা হলো, ফিফায় নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে কোনো নিয়ম নেই। সভাপতি সরকারি কাজের কথা বলে সফরে যেতে পারেন, অথচ পরোক্ষভাবে সেটি তাঁর নির্বাচনী প্রচারণায় কাজে লাগতে পারে। তবে তাঁর বিপক্ষে যাঁরা নির্বাচন করবেন, তাঁদের পক্ষে এটা নির্বাচনী প্রচারণা হিসেবে প্রমাণ করা কঠিন।’
কিছুদিন আগে ইনফান্তিনোর অবস্থান বেশ নড়বড়ে বলে মনে করা হচ্ছিল। তিনি ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের একটি পরিকল্পনার মাধ্যমে বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছিলেন। তবে পরবর্তীতে পরিকল্পনাটি বাতিল করা হয়। এর আগে ২১১টি সদস্যদেশের ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়ে ইনফান্তিনো জানিয়েছিলেন, এই প্রস্তাব সমর্থন করলে প্রতিটি ফেডারেশন ৪ কোটি ডলার (প্রায় ৩০০ কোটি টাকা) করে পাবে।
উয়েফার সাবেক প্রধান নির্বাহী লার্স-ক্রিস্টার ওলসন প্রশ্ন তুলেছেন, ইনফান্তিনো এখন কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতির শর্তগুলো কী? তিনি বলেন, ‘এই সফরগুলোর খরচ কত এবং কে দিচ্ছে? ফুটবল সম্প্রদায়ের ওপর এর প্রভাব কী? ফিফার অর্থে ব্যক্তিগত বিমান ব্যবহার করা হলে সেই অর্থ সদস্যদেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করাই কি ভালো হতো না?’
সফরের সংখ্যার বিষয়ে ফিফা কোনো আপত্তি না জানালেও দাবি করেছে, সব ভ্রমণই তাদের নির্ধারিত নিয়ম মেনে করা হয়েছে। তবে এই ব্যক্তিগত বিমানের খরচ কে বহন করছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সংস্থাটি।
ইনফান্তিনোর এই সফরের তালিকায় ছিল ডোমিনিকান প্রজাতন্ত্রে ক্যারিবীয় ফুটবল ইউনিয়নের সভাপতি পর্যায়ের সভা এবং বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ। এছাড়া প্যারিসে ই-স্পোর্টস বিশ্বকাপে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে উন্নয়ন পরিকল্পনায় ফিফার সমর্থনের প্রতিশ্রুতি দেন তিনি। পরবর্তীতে লাটভিয়া সফরে গিয়ে দেশটির ফুটবল ফেডারেশন সভাপতিকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন ইনফান্তিনো।
এছাড়া গত অক্টোবরে ইন্দোনেশিয়ায় ফিফা এএফএএন কাপের ফাইনালে গিয়ে বাংলাদেশসহ ১৭টি দেশের ফুটবল ফেডারেশনের সভাপতিদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সমর্থন ও ফুটবলের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একসঙ্গে আমরা এই খেলাকে এগিয়ে নিয়ে যাব।’
সম্প্রতি ম্যানিলা সফরে এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং মালয়েশিয়া ও ফিলিপাইন ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে মঞ্চে গান গেয়েছেন ফিফা সভাপতি।