ফিফার আগামী সভাপতি নির্বাচনে বর্তমান প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী খুঁজে পেতে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সফল হয়েছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি প্রথমে আর্সেন ওয়েঙ্গারকে রাজি করানোর চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয়। তবে শেষ পর্যন্ত তারা একজন যোগ্য প্রার্থী খুঁজে পেয়েছে। আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। ৬৩ বছর বয়সী এই ফুটবল সংগঠককে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উয়েফার শীর্ষ পর্যায়ে প্রতিনিধিত্বকারী ইউরোপীয় ফুটবল কর্মকর্তারা, এবং দিয়ালো নিজেও সেই প্রস্তাব গ্রহণ করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। সংস্থাটির সভাপতি আলেকসান্দের চেফেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে উয়েফার নির্বাহী কমিটি এবং ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী ইউরোপীয় জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর প্রতিনিধিরা সর্বসম্মতভাবে দিয়ালোকে সমর্থন জানান।

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, “ফিফার আগামী সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দিয়ালোকে আমন্ত্রণ জানানো হয়েছে।” ফরাসি ফুটবল সংগঠক এই আমন্ত্রণ গ্রহণ করলেও তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে আরও একটি ধাপ অতিক্রম করতে হবে।

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ফরাসি ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে দিয়ালোর প্রার্থিতা অনুমোদনের কথা রয়েছে। এরপর আগামী বুধবারের (১৮ নভেম্বর) মধ্যে ফিফার কাছে তার মনোনয়ন জমা দিতে হবে। ফিফার নিয়ম অনুযায়ী, সভাপতি পদের প্রার্থী হতে হলে অন্তত পাঁচটি সদস্য জাতীয় ফুটবল ফেডারেশনের লিখিত সমর্থন থাকা বাধ্যতামূলক।

২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আবারও লড়াই করবেন বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০১৬ সাল থেকে সুইজারল্যান্ডের এই ফুটবল সংগঠক বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির দায়িত্ব পালন করছেন।

তবে সাম্প্রতিক সময়ে ফিফার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ফুটবল সংগঠকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে সংস্থাটির বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার একটি বিতর্কিত পরিকল্পনা ইনফান্তিনো এবং উয়েফার মধ্যকার সম্পর্কের অবনতি ঘটিয়েছে।

দিয়ালোকে সমর্থন দেওয়ার পেছনে এই অসন্তোষের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছে উয়েফা। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফিফার বর্তমান কার্যক্রমের দিকনির্দেশনা নিয়ে ইউরোপীয় প্রতিনিধিদের মধ্যে গুরুতর উদ্বেগ রয়েছে। তাদের মতে, বিশ্ব ফুটবলে আবারও পারস্পরিক আস্থা ও ঐক্য ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। একই সঙ্গে তারা ফুটবলের বৈশ্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং সদস্যদেশগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন।

উয়েফার বিবৃতিতে আরও বলা হয়েছে, “ফিফার কার্যক্রমের কেন্দ্রে বিশ্বের প্রতিটি অঞ্চলের ফুটবলের উন্নয়নকে রাখতে হবে। সর্বোচ্চ প্রশাসনিক মানদণ্ড বজায় রাখার পাশাপাশি সদস্য ফেডারেশন, মহাদেশীয় সংস্থা ও ফুটবলের অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।” এই লক্ষ্যগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দিয়ালোর নেতৃত্বের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।

ফিফার বর্তমান নেতৃত্ব এবং উয়েফার বিরোধের মূল সূত্রপাত গত জুলাইয়ের একটি বাণিজ্যিক পরিকল্পনা থেকে। তখন বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য একটি নতুন প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো, যেখানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্ব দেওয়ার প্রস্তাব ছিল।

পরিকল্পনাটি জানাজানি হতেই তীব্র বিরোধিতার মুখে পড়ে। উয়েফার পাশাপাশি বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থাও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। অভিযোগ ওঠে যে, সদস্যদেশগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করেই ইনফান্তিনো এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে ফিফা পরিকল্পনাটি প্রত্যাহার করে। তবে তাতেও অনাস্থা দূর হয়নি। উয়েফা পরে জানায়, ফিফা লিখিতভাবে নিশ্চিত করেছে যে বিতর্কিত বাণিজ্যিক প্রকল্পটি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে এবং অন্য কোনো নামে তা আর ফিরিয়ে আনা হবে না।

এই বিতর্কের ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে ফরাসি ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন প্রত্যাহার করে নেয়। তখন দিয়ালো অভিযোগ করেন, ফিফা সভাপতির বিভিন্ন উদ্যোগ বিশ্ব ফুটবলের ভাবমূর্তি ও ঐক্যের ক্ষতি করেছে। তার মতে, বর্তমান নেতৃত্বের ওপর আস্থার জায়গাটি নষ্ট হয়ে গেছে। অথচ এর আগে দিয়ালো ইনফান্তিনোর সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন এবং গত জুনেও তার প্রতি সমর্থন জানিয়েছিলেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে অবস্থান বদলে এখন সরাসরি প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন এই ফরাসি ফুটবলপ্রধান।

ইনফান্তিনোর বিরুদ্ধে গ্রহণযোগ্য প্রার্থী খুঁজতে উয়েফা বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল। সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথমে আলোচনায় ছিলেন বর্তমান ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান এবং সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানান। এরপরই সামনে আসে দিয়ালোর নাম। ২০২৩ সাল থেকে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি এবং একই বছর উয়েফার নির্বাহী কমিটির সদস্য হন। এর আগে তিনি ফ্রান্সের পেশাদার ফুটবল ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং দেশটির পেশাদার ফুটবল লিগের পরিচালনা পর্ষদ ও ফিফার বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত কাঠামোতেও কাজ করেছেন।

ফুটবল প্রশাসনে দিয়ালোর দীর্ঘ অভিজ্ঞতাকেই তার বড় যোগ্যতা হিসেবে তুলে ধরেছে উয়েফা। তবে ইউরোপীয় শীর্ষ কর্মকর্তাদের সমর্থন পেলেই যে ফিফা নির্বাচনে পর্যাপ্ত ভোট নিশ্চিত হবে, তা বলা যাচ্ছে না। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবারের বৈঠকে সর্বসম্মত সমর্থন মিললেও তা কেবল উয়েফার নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী জাতীয় সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য; উয়েফার ৫৫টি সদস্য জাতীয় ফুটবল ফেডারেশনের সবগুলোর সমর্থন তিনি এখনো পাননি।

অন্যদিকে, ফিফার মোট ভোটাধিকারপ্রাপ্ত সদস্যদেশের সংখ্যা ২১১, তাই ফল নির্ধারণে ইউরোপের বাইরের ফেডারেশনগুলোর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিয়েছে। গত ২৩ অক্টোবর টোকিওতে অনুষ্ঠিত এএফসির বিশেষ কংগ্রেসে সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ফিফা সভাপতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এদিকে ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা এবং টটেনহামের সাবেক সুইস ফুটবলার রামন ভেগাও। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দেওয়ার পর তাদের প্রার্থিতা বৈধ হবে কি না, তা নিশ্চিত হতে হবে।

দিয়ালোকে সামনে এনে ফিফার নেতৃত্বে পরিবর্তনের চেষ্টা শুরু করেছে উয়েফা। তবে তার প্রার্থিতা অনুমোদন এবং অন্যান্য অঞ্চলের সমর্থন আদায়ের বিষয়টি এখনো অমীমাংসিত। আগামী ১৮ নভেম্বর মনোনয়নের সময়সীমা শেষ হওয়ার পরই চূড়ান্তভাবে স্পষ্ট হবে যে, ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত কারা থাকছেন।