রাত তখন ১১টা বাজতে মাত্র ২ মিনিট বাকি। বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার মোর্শেদ সড়কে এসে থামল পুলিশের একটি গাড়ি। গাড়ির দরজা খুলে যখন নামলেন বাদল ফরাজি, তখন তাঁকে একনজর দেখার জন্য সেখানে ভিড় করে দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ। দীর্ঘ ১৮ বছর পর প্রিয়জনকে সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেননি স্বজন ও প্রতিবেশীরা। কেউ তাঁকে জড়িয়ে ধরছেন, কেউবা মুছছেন চোখের জল। চারপাশের পরিবেশ তখন আনন্দ আর কান্নার এক অদ্ভুত সংমিশ্রণে মিশে একাকার হয়ে গিয়েছিল।

মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পর পুলিশ বাদল ফরাজিকে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা দেয়। প্রথমে তাঁকে বাগেরহাট কারাগারে নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে নয়টার দিকে তাঁকে মোংলা থানায় আনা হয়। সেখানেই প্রথমবারের মতো মা ও বোনের সঙ্গে দেখা হয় বাদলের। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এরপর রাত প্রায় ১১টার দিকে পুলিশের গাড়িতে করে তিনি পৌঁছান নিজের বাড়িতে।

গাড়ি থেকে নামার পরপরই এলাকার মুরব্বিরা বাদলকে ঘিরে ধরেন। পুলিশের কড়া প্রহরা থাকলেও তাঁদের আবেগের কাছে তা বাধা হয়ে দাঁড়ায়নি। এরপর পুলিশ তাঁকে নিয়ে বাড়ির গলিতে প্রবেশ করে। বাড়ির বাইরে তখন মানুষের উপচে পড়া ভিড়। তবে নিরাপত্তার খাতিরে কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না।

বাড়ির বারান্দায় উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন স্বজনেরা। বাদলকে দেখামাত্রই তাঁরা আনন্দের কান্নায় ভেঙে পড়েন এবং একে একে তাঁকে জড়িয়ে ধরেন। বাদলও সবাইকে বুকে টেনে নেন। স্বজনদের উদ্দেশে তিনি বলতে থাকেন, ‘এই তো আমি ফিরে আসছি।’

বাড়ির বাইরে দাঁড়িয়ে এক ব্যক্তি মুঠোফোনে বাদলের ফিরে আসার খবর অন্য একজনকে জানাচ্ছিলেন। কথা শেষ করে তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, তাঁর নাম মোহাম্মদ জামাল পেয়াদা। অনেক বছর আগে তিনি শেষবার বাদলকে দেখেছিলেন। দীর্ঘ সময় পর বাদলকে জড়িয়ে ধরতে পেরে তাঁর চোখেমুখে তৃপ্তির ছাপ ফুটে ওঠে। তিনি বলেন, ‘খুব ভালো ছেলে বাদল। দীর্ঘ সময় পর তাকে জড়িয়ে ধরতে পেরেছি। ছেলেটার স্থায়ী মুক্তি মিলুক, সেই কামনাই করি।’

বাদলের বোন আকলিমা বেগম জানান, ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর তাঁরা ভীষণ খুশি। তবে এই আনন্দের মাঝেও তাঁদের একমাত্র চাওয়া হলো ভাই যেন স্থায়ীভাবে মুক্তি পান। বাদলের এই প্রত্যাবর্তনের কথা মাথায় রেখে বাড়িতেই করা হয়েছিল বিশেষ আয়োজন। বোনেরা ভাইয়ের জন্য রান্না করেছেন কয়েক পদের খাবার। মেনুতে ছিল শাকভাজি, গরুর মাংসের ভুনা, ট্যাংরা মাছের ঝোল ও ডিমভুনা। দীর্ঘ সময় পর ভাইকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর আনন্দ তাঁদের কাছে ছিল অন্যরকম।

আকলিমা বেগম বলেন, ‘আজ ভাইয়ের অনেক ধকল গেছে। এখন আমাদের রান্না করা খাবার ভাইকে খেতে দেব। অনেক দিন পর প্রিয় মানুষের হাতের রান্না করা খাবার খাবে। এক মাস ভাই বাড়িতেই থাকবে।’

রাতে বাড়ি পৌঁছানোর পর বাদল ফরাজিকে নিজ হাতে খাবার খাওয়ান তাঁর মা শেফালী বেগম। তিনি বিকেলে মুক্তকণ্ঠকে বলেন, ‘ছেলের চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে গেছি। ছেলে আওয়ার কথা শুইন্যা তো খুব খুশি, কিন্তু ভেজাল হইছে যে লগে পুলিশ থাকবে। বিনা দোষে ১৮ বছর জেল খাইট্টা যদি আবার প্যারোলে আয়ে, কোনো দিন ভালো লাগে?’ এক মাস পর ছেলেকে আবারও কারাগারে ফিরতে হবে, এই কথা ভেবেই ব্যথিত শেফালী বেগম। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমার একটাই চাওয়া, ছেলেটা যেন মুক্তি পায়।’

রাত পৌনে ১২টার সময়ও এলাকার মানুষ ও স্বজনদের কেউ কেউ অপেক্ষা করছিলেন বাদলকে একনজর দেখার জন্য।

ঘটনার সূত্রপাত ২০০৮ সালের ৬ মে। ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদান নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল, যিনি ছিলেন নিহত নারীর গৃহকর্মী।

হত্যাকাণ্ডের ২ মাস ৭ দিন পর ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজি। পরিবারের দাবি অনুযায়ী, তাজমহল দেখার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখায়।

২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদল ফরাজিকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন এবং একই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী ছিলেন বাদল ফরাজি। পরবর্তীতে ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।