দীর্ঘ ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পরিবারের সান্নিধ্যে আসার সুযোগ পেলেন বাদল ফরাজি। নামের মিলের কারণে ভারতে এক হত্যা মামলায় জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হয়েছিল তাঁকে। ভারতের কারাগারে প্রায় ১০ বছর এবং বাংলাদেশের কারাগারে আট বছরের বেশি সময় কাটানোর পর চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পর পুলিশ বাদল ফরাজিকে নিয়ে বাগেরহাটের মোংলায় তাঁর পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হয়। প্রিয়জনকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।

তবে দীর্ঘ বিরতির পর এক মাসের জন্য বাদল ফরাজিকে ফিরে পাওয়ার আনন্দের পাশাপাশি স্বজনদের মনে রয়ে গেছে গভীর আক্ষেপ। সার্বক্ষণিক পুলিশি পাহারায় তাঁকে থাকতে হবে— এই বিষয়টি তাঁদের জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মোংলা পৌরসভার টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন কুমারখালী এলাকায় বাদল ফরাজিদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁদের পাকা বাড়িটি এখনো নির্মাণাধীন। তাঁর আগমনের কথা মাথায় রেখে নতুন বিছানা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ঘর। তাঁর পছন্দের খাবার রান্না করে রাখা হয়েছে। প্রতিবেশীরাও বারবার এসে খোঁজ নিচ্ছেন তিনি কখন পৌঁছাবেন। বাড়ির ফটকের বাইরেও ভিড় জমেছে তাঁর ফেরার অপেক্ষায়।

এত বছর পর ছেলে ফিরছে ঠিকই, কিন্তু সঙ্গে পুলিশ থাকবে— এই বাস্তবতা মেনে নিতে পারছেন না বাদল ফরাজির মা শেফালী বেগম। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘ছেলের চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে গেছি। ছেলে আওয়ার কথা শুইন্যা তো খুব খুশি, কিন্তু ভেজাল হইছে যে লগে পুলিশ থাকবে। বিনা দোষে ১৮ বছর জেল খাইট্টা যদি আবার প্যারোলে আয়ে কোন দিন ভালো লাগে?’

এক মাস পর ছেলেকে আবারও কারাগারে ফিরে যেতে হবে, এই চিন্তা করাও তাঁর জন্য দুঃসহ। সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আমার একটাই চাওয়া, ছেলেটা যেন মুক্তি পায়।’

বাড়িতে কথা হয় বাদল ফরাজির বড় বোন আকলিমা বেগমের সঙ্গে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা খুব আশা নিয়ে ছিলাম। আমরা এক্সাইটেড (উচ্ছ্বসিত) ছিলাম যে আসবে, এক মাস প্যারোলে থাকবে। শুনছি তার সঙ্গে সার্বক্ষণিক পুলিশ থাকবে। এটা নিয়ে আমাদের খুব মন খারাপ।’ তিনি আরও বলেন, ‘আমার আম্মু অসুস্থ। এ জন্য এক মাসের প্যারোলটা দেওয়া হয়েছে। পুলিশ সব সময় সঙ্গে থাকলে নিজেদের সব সময় আসামি বা অপরাধী মনে হয়। এটা অস্বস্তিকর।’

সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতিবেদন লেখা চলাকালীন বাদল ফরাজি বাগেরহাটে অবস্থান করছিলেন। তাঁর বোন আকলিমা বেগম জানান, ‘দুপুরে এসে সে খাবে, সে রকম প্রস্তুতিতেই আমরা ছিলাম। কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হতে গেল। আমরা শুনেছি, বাগেরহাটে আছে, সেখান থেকে আসবে। কিন্তু কখন আসবে, সেটা ঠিক বুঝতে পারছি না।’

আকলিমা বেগম আরও জানান, ‘তার সঙ্গে পরিবারের কেউ নাই। আমরা পাঁচ ভাইবোন—দুই ভাই, তিন বোন। এক ভাই অন্য জায়গায় থাকেন। মা আর আমি এই বাড়িতে থাকি। মা অসুস্থ হয়ে আছেন, সে জন্যই তো প্যারোলটা দিল।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘বাদল জেলে থাকার সময় বাবা মারা গেছেন। তিনি ছেলের অবস্থা মেনে নিতে পারেন নাই।’

মামার ফেরার অপেক্ষায় ছিলেন বাদল ফরাজির ছোট বোন তাসলিমা বেগমের ছেলে তানভীর হাওলাদারও। ঢাকায় পরিবারের সঙ্গে থাকেন তানভীর, তিনি সেখানকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে দুই ভাই ও মায়ের সঙ্গে মামার বাড়ি মোংলায় এসেছেন তিনি।

তানভীর বলেন, ‘অনেক ছোটবেলায় একবার মামাকে দেখেছিলাম। সেই স্মৃতি খুব একটা মনে নেই। ভারত থেকে মামাকে যখন বিমানে করে দেশে আনা হয়েছিল, তখনো তাঁকে দেখতে গিয়েছিলাম। কিন্তু দেখা হয়নি। এবার মামাকে জীবনে প্রথমবারের মতো ছুঁয়ে দেখতে পারব, ভাবতেই খুব আনন্দ লাগছে।’

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্যারোল-সংক্রান্ত নীতিমালার ১-এর খ অনুযায়ী বাদল ফরাজিকে মুক্তি দেওয়া হয়েছে। সেখানে সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তির সুযোগের কথা উল্লেখ করা হয়েছে। চার সপ্তাহের প্যারোলে মুক্তির পর তাঁকে নিজ স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০০৮ সালের ৬ মে, যখন দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদান নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামের এক গৃহকর্মীকে খুঁজছিল।

হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজি। পরিবারের দাবি, তাজমহল দেখার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখায়।

তৎকালীন সময়ে বাদল ফরাজি ছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষ না হওয়ায় তিনি নিজের পরিচয় যথাযথভাবে দিতে পারেননি। পরবর্তীতে পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য এবং স্কুলের প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় নথি উপস্থাপন করা হলেও তাঁর মুক্তি হয়নি।

২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদল ফরাজিকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন এবং ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী থাকাকালীন বাদল ফরাজি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। অবশেষে ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।