বাগেরহাটের মোংলায় এক হাজার টাকার জাল নোট ভাঙাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েছেন ফখরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। এই ঘটনার সময় তার কাছ থেকে মোট ৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পৌর শহরের প্রধান বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।
আটককৃত ফখরুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সন্তান বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুযায়ী, দুপুর পৌনে ১২টার দিকে ফখরুল প্রধান বাজার এলাকার হাবিবুর রহমানের পান দোকানে যান এবং এক হাজার টাকার একটি নোট ভাঙানোর চেষ্টা করেন। তবে দোকানি নোটটি জাল বলে সন্দেহ করে তা গ্রহণ করতে অস্বীকার করেন এবং তাকে ফিরিয়ে দেন। এরপর বাজারের আ. সাত্তার নামের এক ভিক্ষুককে ২০ টাকা দিয়ে তার কাছ থেকে এক হাজার টাকার জাল নোটটি ভাঙিয়ে নেন ফখরুল।
পুরো বিষয়টি পান দোকানির নজরে এলে তিনি দ্রুত স্থানীয় লোকজনকে একত্রিত করে ফখরুলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে জাল নোটসহ থানায় নিয়ে যায়।
পুলিশের কাছে দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিতে ফখরুল জানান, “তার কাছে থাকা ৯ হাজার টাকার জাল নোট ভাঙানোর চেষ্টা করছিলেন তিনি। এসব জাল নোট তাকে ভোলার মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তি সরবরাহ করেছেন। গত কয়েক মাস ধরে নিজ এলাকার বাইরে বিভিন্ন স্থানে এভাবে জাল টাকা চালানোর চেষ্টা করে আসছিলেন বলেও তিনি জানান।”
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “ফখরুলের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল টাকা-সংক্রান্ত প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।”