শ্যালা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ঘরের একটি অংশ। ঠিক তার পাশেই কংক্রিটের একটি টুকরোর ওপর রাখা ছোট্ট একটি মাটির চুলা। সেখানে প্লাস্টিকের কৌটা আর চামচ নিয়ে খেলা করছিল পাঁচ বছর বয়সী লাবিবা আক্তার। পেছনে সুন্দরবনের দিগন্তের ওপর তখন সবে সূর্য উঁকি দিচ্ছে। এরই মধ্যে মায়ের ডাক শুনে দৌড়ে গেল লাবিবা।

ঘটনাটি ২৪ অক্টোবর সকাল পৌনে ৭টার। মায়ের কাছ থেকে ছোট কলসিটা নিয়ে হেলেদুলে হাঁটছিল লাবিবা। তার পেছনেই হাঁটছিলেন মা কুলসুম আক্তার (২৫)। এক হাতে দুটি বড় কলসি, আর অন্য হাতে ১৩ মাস বয়সী ছেলে জিসান খানকে জড়িয়ে কোলে নিয়েছেন তিনি। নদীর তীরের সরু রাস্তা ধরে সুপেয় পানি আনতে ২০০ মিটার দূরে যাচ্ছিলেন তাঁরা।

পানি নিয়ে ফেরার পর কুলসুম আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, সামনে পানির তীব্র সংকট দেখা দেবে। তিনি বলেন, ‘পানির কষ্ট তো সামনে। এহনও নদীর পানিতে লবণ তেমন হইনি। দুই-তিন মাস পর তো কড়া লবণ হবেনে। তহন সব পানিই (গোসল ও রান্নার) টাইনে আনা লাগবেনি।’

কুলসুমদের বাড়ি সুন্দরবন-লাগোয়া বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোলের ঠোটা এলাকায়। এই ভূখণ্ডের পূর্ব থেকে দক্ষিণে বয়ে গেছে শ্যালা নদী এবং উত্তর থেকে দক্ষিণে পশুর নদ। দুই নদ-নদীর মোহনায় সরু ঠোঁটের মতো আকৃতির ভূখণ্ড বলেই সম্ভবত এর নাম ঠোটা। এই এলাকার তিন দিক নদী দিয়ে ঘেরা এবং ওপারেই রয়েছে বিশাল সুন্দরবন।

মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ

জয়মনির ঘোলের ঠোটা গ্রামের প্রায় সব পরিবারই নদী এবং বনে মাছ ও কাঁকড়া ধরে তাদের জীবনধারণ করে। গ্রামের বাসিন্দা কুলসুমের বাবা মোহাজ্জেম খলিফা (৫৮) জানান, ‘১০ কেলাস পারইছে, এমন কোনো ঘর নেই এহানে’। তিনি আরও উল্লেখ করেন, ‘এহানে এক শর বেশি পরিবার আছে। কিন্তু কোনো পরিবারের পড়ালেহা নাই।’

স্থানীয় তিন কিশোর আবু বক্কর, মুছা সওদাগর ও শাহজাহানের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় তারা বিদ্যালয়ে পড়াশোনা করেছে। তবে এই এলাকায় এমন অনেক মানুষ আছেন যারা কখনোই বিদ্যালয়ে যাননি। আবু বক্কর স্থানীয় চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, আর অন্য দুজন পড়েছেন তৃতীয় শ্রেণি পর্যন্ত। আবু বক্কর বলেন, ‘সিস্টেমটা হলো, এজাগা থাকলে ল্যাহাপড়া হয় না। সিজনে ছোড ছোড পোলাপানও ম্যালা টাহা ইনকাম করে। টাহার চোখ দ্যাখলে আর ল্যাহাপড়া হয় না।’

এই তিন কিশোর সুন্দরবনের নদীতে চিংড়ির রেণুপোনা, কাঁকড়া ও মাছ ধরে। শুধু কিশোর বা বয়স্করাই নন, নারীরাও সুন্দরবনে মাছ ধরতে যান।

বনে বনে জীবন

আট বছর আগে রাজু খানের সঙ্গে বিয়ে হয় কুলসুমের। গত শনিবার ভোরে রাজু খান সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। ভোরে যাওয়ার কারণ জানতে চাইলে কুলসুম বলেন, ‘এখানে জোয়ার-ভাটা মানি (মেনে) সব চলে। ভাটায় যাবে, জোয়ারে আবার ফিরে আসফে। দেড় বছর হলো আমি বাদায় (সুন্দরবন) যাই না। এর আগে আমিও যাতাম। মাছ, কাঁকড়া, পোনা ধরতাম।’

শুরুতে মায়ের সঙ্গে সুন্দরবনে যেতেন কুলসুম। এরই মধ্যে তাঁর দুই ছেলে-মেয়ের জন্ম হয়েছে। ছেলে জিসান যখন কুলসুমের গর্ভে ছিল, তখনও তিনি সুন্দরবনে যেতেন। তাঁর মা তাসলিমা বেগমসহ প্রতিবেশী ছয়-সাতজন নারী এখনো নিয়মিত দল বেঁধে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও পোনা ধরতে যান।

পুলিশ হওয়ার স্বপ্ন ছিল

এই গ্রামের অল্প কয়েকজন যারা পড়াশোনা করেছেন, কুলসুম তাদের একজন। পাশের মোরেলগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছেন তিনি। ছোটবেলায় তাঁর স্বপ্ন ছিল পুলিশ হওয়ার। আট বছর বয়স থেকেই তিনি এই স্বপ্ন দেখতেন। কুলসুম জানান, একদিন খুলনা যাওয়ার সময় তিনি দেখেন পুলিশের মতো পোশাক পরা কিছু মেয়ে হেঁটে যাচ্ছিল। তারা আসলে মোংলায় বিদ্যালয়ে যাচ্ছিল। তখন তিনি বুঝতে পারেননি যে সেটি স্কুলড্রেস ছিল। সেই পোশাক দেখেই বড় হয়ে পুলিশ হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু দারিদ্র্যের কারণে সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায়।

চার ভাই-বোনের মধ্যে কুলসুম সবার ছোট। মেয়েকে পড়াতে না পারার আক্ষেপ এখনো মোহাজ্জেম খলিফার কণ্ঠে ফুটে ওঠে। তিনি বলেন, ‘মেয়েকে পড়াতে পারিনি। ও পড়তে চাইছিল। কিন্তু পয়সায় দুর্বল ছেলাম। সপ্তম শ্রেণির পর পড়াশোনা বন্ধ হয়ে যায়। তার দুই বছর পর মেয়ের বিয়ে দিয়ে দিই।’

মোহাজ্জেম খলিফার পৈতৃক বাড়ি ছিল মোরেলগঞ্জের বারুইখালীর সমাদ্দারখালী গ্রামে। তবে জীবিকার তাগিদে ছোটবেলায় তিনি জয়মনির ঘোলের ঠোটা এলাকায় ঠাঁই নেন। পরিবার নিয়ে এখনো সেখানেই আছেন। তাঁর এক ছেলে ও তিন মেয়ে এই ঠোটা এলাকাতেই জন্ম নিয়েছে।

‘আমি ডাক্তার হুউম’

পানি নিয়ে আসার পর থেকেই কুলসুমের চোখেমুখে ব্যস্ততা দেখা যাচ্ছিল। একপর্যায়ে তিনি বলেন, ‘রান্না করতে হবি। সে (স্বামী) সকালে কয়েকটা সেদ্ধ আটা খেয়ে গেছে। জোয়ার আইছে, এইসে চারটা ভাত খাবে।’

ঘরের সামনে দাঁড়িয়ে লাবিবা আক্তার তখন জাহাজ দেখছিল। হারবাড়িয়ায় নোঙর করা বড় বড় জাহাজ সেখান থেকে স্পষ্ট দেখা যায়। কথায় কথায় লাবিবা জানাল, সে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণিতে (বেবিতে) পড়ছে। লাবিবা বলে, ‘আমি অনেক বড় জাহাজ দেখছি। আমার বাবা আগে জাহাজে লোক টানত।’

বড় হয়ে কী হতে চায়—এমন প্রশ্নের জবাবে লাবিবা বলে, ‘আমি ডাক্তার হুউম।’ এরপরই কুলসুম মেয়েকে জিজ্ঞেস করেন ডাক্তার হয়ে কী করবে? মেয়ের উত্তর, 'মাইনসেরে ভালো রাহুম।'

মেয়ের স্বপ্ন যত বড়ই হোক, বাস্তবতা যে অত্যন্ত কঠিন তা কুলসুম নিজেও জানেন। তিনি বলেন, আশপাশের কয়েক গ্রামে এখন পর্যন্ত কেউ ডাক্তার বা নার্স হতে পারেনি। এখানে ভালো চাকরি করা মানুষ খুব কম। তবে তিনি জানেন, তাঁর যা হয়নি, মেয়ের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।