তথ্য অধিকার আইনের যথাযথ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে নতুন তথ্য কমিশনকে আরও গতিশীল, স্বাধীন এবং কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। একই সঙ্গে তারা কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা নির্ধারণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং আইন বিষয়ে অভিজ্ঞ একজন পূর্ণ সচিব নিয়োগের দাবি উত্থাপন করেছে।
আজ মঙ্গলবার তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধিদল নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি উপস্থাপন করে। সংগঠনটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে।
নতুন কমিশন গঠনকে স্বাগত জানিয়ে তথ্য অধিকার ফোরাম জানিয়েছে, কমিশনের স্বাধীন ও কার্যকর কার্যক্রম পরিচালনায় তারা প্রয়োজনীয় সব ধরনের কারিগরি সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।
ফোরামের মতে, সাধারণ নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে তথ্য কমিশন হলো সর্বোচ্চ প্রতিষ্ঠান। প্রচলিত আইন অনুযায়ী, এই কমিশন একটি দেওয়ানি আদালতের অনুরূপ ক্ষমতা প্রয়োগ করে অভিযোগ অনুসন্ধানের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে। এছাড়া প্রয়োজনে জরিমানা আরোপ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করার ক্ষমতাও কমিশনের রয়েছে। তাই প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের অনুরূপ হওয়া প্রয়োজন বলে তারা মনে করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে তথ্য কমিশনারদের পদমর্যাদায় ভিন্নতা থাকলে তা জনমনে, বিশেষ করে অভিযোগকারী এবং তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। পাশাপাশি অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতেও কমিশনারদের উপযুক্ত পদমর্যাদা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।
তথ্য অধিকার ফোরাম আরও মনে করে, পেশাদারিত্বের সাথে তথ্য কমিশন পরিচালনা, ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং বিশেষ করে বিচারিক কার্যক্রম পরিচালনায় কমিশনকে সহায়তার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ এবং বার্ষিক বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া প্রয়োজন।
তথ্য অধিকার ফোরামের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতিতে সম্মতি জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের নির্বাহী চেয়ারপারসন অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেনসহ বেশ কয়েকজন।