খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আবদুল হালিম নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হালিমকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আবদুল হালিম খুলনা মহানগরীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি ওই ওয়ার্ডের উত্তর দেয়ানা এলাকায়।

মুক্তকণ্ঠের সঙ্গে আলাপকালে কার্যক্রম নিষিদ্ধ খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য নিশ্চিত করেছেন যে, আবদুল হালিম ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কল্পতরু মার্কেটের পূর্ব পাশে সড়কের ওপর আবদুল হালিমকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। তাঁর মাথা ও বুকে গুলি লাগে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।”

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় মুক্তকণ্ঠকে জানান, আবদুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, কক্সবাজারে গুলিতে নিহত খুলনার সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী টিপুর সঙ্গে হালিমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে। এছাড়া তাঁর ঘেরের ব্যবসাও ছিল। পুলিশ এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত পরিচালনা করছে।

সুদর্শন কুমার রায় আরও বলেন, “কারা, কী কারণে তাঁকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।”

খুলনা মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্যানুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় মোট ৪১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর মধ্যে ৩৮টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মঙ্গলবারের এই হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশি তথ্যমতে, মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি, চাঁদাবাজিকে কেন্দ্র করে ১টি, পারিবারিক সহিংসতাসহ ১৩টি এবং অন্যান্য কারণে ৮টি হত্যা মামলা হয়েছে। উল্লেখ্য, একটি ঘটনায় তিনজন নিহত হওয়ায় একটি হত্যা মামলা করা হয়েছিল। ইতিমধ্যে সাতটি মামলায় পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করেছে। বর্তমানে ২৯টি মামলা কেএমপিতে এবং দুটি মামলা নৌ পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে।

সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা নগরে ৪১টি এবং জেলায় ৪০টিসহ মোট ৮১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।