খুলনা মহানগরীতে সাংবাদিকসহ বিভিন্ন পেশার ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং অপপ্রচার বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এই লক্ষ্যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ কর্তৃপক্ষ। একই সঙ্গে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ নাগরিক, ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হয়রানি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জারি করা কেএমপির ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও চক্র অনুমোদনহীন অনলাইন পোর্টাল, নামসর্বস্ব পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের সাংবাদিক বা বিভিন্ন পেশার মানুষ হিসেবে পরিচয় দিচ্ছে।
পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। এছাড়া ভয়ভীতি প্রদর্শন ও নানা ধরনের চাপ সৃষ্টি করার ঘটনা ঘটছে। পাশাপাশি গুজব এবং ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এই গণবিজ্ঞপ্তিতে তিনটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, অনুমোদন ছাড়া সাংবাদিক বা অন্য কোনো পেশার ভুয়া পরিচয়পত্র ও স্টিকার ব্যবহার করে চাঁদা দাবি কিংবা কারও ওপর চাপ সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য, ছবি, ভিডিও বা বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। তৃতীয়ত, সরকারি-বেসরকারি দপ্তর, প্রেসক্লাব চত্বর ও জনসমাগমস্থলে ভুয়া পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, “এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ভুয়া পরিচয়দানকারী, চাঁদাবাজ ও অপপ্রচারকারীদের বিষয়ে নগরবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এ ধরনের সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ থানা, কেএমপির কন্ট্রোল রুমের ০১৩২০-০৫৮৯৯৮ নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ জানানোর অনুরোধ করা হয়েছে।
পুলিশ কমিশনারের স্বাক্ষরে জারি করা এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।