খুলনায় বকেয়া ভাড়া চাওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক ভাড়াটে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাড়িওয়ালা মজলিস খান (৭৬)-কে আটক করেছে।
গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে নগরের সোনাডাঙ্গা থানার বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর গুরুতর আহত রকিবুল ইসলামকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার বিস্তারিত জানিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবির মুক্তকণ্ঠকে বলেন, “গতকাল সন্ধ্যায় বাড়িওয়ালা মজলিস খান ভাড়াটে রকিবুল ইসলামের কাছে দুই মাসের বকেয়া ভাড়া চাইতে যান। বাড়িওয়ালা কানে কিছুটা কম শোনেন। কথা–কাটাকাটির এক পর্যায়ে রকিবুল তাঁকে চড় মারেন। এরপর বাড়িওয়ালা পাশে থাকা একটি লাঠি দিয়ে রকিবুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে রকিবুল গুরুতর আহত হন।”
মো. হুমায়ূন কবির আরও বলেন, “আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিবুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাড়িওয়ালা ও ওই বাড়ির অন্য লোকজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”