নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং মোট ৯৯টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি এই পরিসংখ্যানগুলো উপস্থাপন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে, যা পরবর্তীতে বিস্তারিতভাবে সাংবাদিকদের সামনে উপস্থাপন করে তথ্য মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, নভেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে ২২টি মামলা দায়ের করা হয়েছে এবং ৫টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই দলটির কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় তারা কোনো ধরনের ঝটিকা মিছিল করতে পারে না বলে উল্লেখ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, “এটা বেআইনি। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং গ্রেপ্তার হবেন।”
পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রথম ২৩ দিনে এসব সহিংসতার ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এই সহিংসতাগুলোর প্রেক্ষিতে ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে পুলিশের স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে চারটি এবং পুলিশের ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সারা দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনাগুলোও তুলে ধরেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, “গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ধরনের ৭২টি ঘটনা ঘটেছে। আর অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে।”
সচিবালয়ের এই সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টার পাশাপাশি উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।