সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, নতুন বিনিয়োগের মাধ্যমে এই কারখানাগুলো পুনরুজ্জীবিত হলে একদিকে যেমন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা জানান।

সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা এবং নতুন শিল্পপ্রতিষ্ঠানে ঋণ প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আবদুল মুক্তাদির বলেন, “সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকে এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে। সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে।”

শিল্পায়নের পাশাপাশি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং নতুন শিল্পে বিনিয়োগের জন্য ঋণ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে, কৃষিতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতাকে এখনো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এই সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে বলে তিনি মনে করেন।

আবদুল মুক্তাদির আরও বলেন, একসময় পেঁয়াজের জন্য বাংলাদেশ আমদানিনির্ভর থাকলেও বর্তমানে দেশের চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। তরুণ প্রজন্মকে এই খাতে সম্পৃক্ত করতে পারলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, “উনি তো এই দেশেই ছিলেন, গেলেন কেন এই দেশ থেকে—এই প্রশ্নটা উনাকে করা দরকার। কিসের জন্য গেলেন? গেলেন তো সারা দেশের মানুষের রোষে ভীত হয়ে।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলের দমন-পীড়নের কথা স্মরণ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “১৫-১৬ বছর যাবৎ বাংলাদেশের কোথাও দুই-চার শ, পাঁচ শ মানুষ এক জায়গায় জড়ো হলেই এই দল (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) এবং দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়তেন। পুলিশ এবং বিভিন্ন বাহিনী পাঠিয়ে সেটি নস্যাৎ করার চেষ্টা করতেন। উনি (শেখ হাসিনা) ১৬ ডিসেম্বরই আসেন, উনি যেদিনই আসেন, চলে আসেন তাড়াতাড়ি।”

শেখ হাসিনার নাগরিক অধিকার প্রসঙ্গে আবদুল মুক্তাদির আরও বলেন, “উনি (শেখ হাসিনা) তো এই দেশের নাগরিক। এই দেশের নাগরিক হিসেবে এই দেশে তাঁর যে প্রাপ্তি বাকি আছে আইনগতভাবে, সেটি উনি বহন করবেন এবং ভোগ করবেন। আমরা চাই উনি তাড়াতাড়ি ফিরে আসুন।”

পরিদর্শনকালে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, কলেজের খেলার মাঠ, মসজিদ এবং পরিবহন সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। এছাড়া প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যতে একে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

এর আগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাহিদ ইকবাল। উক্ত অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভার পর বাণিজ্যমন্ত্রী হজরত শাহপরান (রহ.) মাজার রোড হতে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তার উন্নয়ন, সীমানাপ্রাচীর, রিটেইনিং ওয়াল ও ড্রেনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।