একটি সময় ছিল, যখন বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো নিয়ে ব্যাপক আশাবাদ বিরাজ করত। সরকারি হিসাব অনুযায়ী ২০১০ থেকে ২০১৯ অর্থবছর পর্যন্ত গড় প্রবৃদ্ধির হার ৬ থেকে ৭ শতাংশের মধ্যে দেখানো হতো। সেই সময়ে দারিদ্র্যের হার হ্রাস পাচ্ছিল এবং বিদ্যুতায়ন কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হচ্ছিল। তবে সেই পরিসংখ্যানগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে তৎকালীন সময়েই অর্থনীতিবিদদের মনে প্রশ্ন ছিল। প্রবৃদ্ধির ভিত্তি যে কতটা ভঙ্গুর ছিল, তা সেই সূচকগুলোতে স্পষ্টভাবে ফুটে উঠত না।

বর্তমানে প্রবৃদ্ধির হার ৪ শতাংশের কাছাকাছি, বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে এবং কর্মসংস্থানের স্থিতিস্থাপকতা ক্রমশ হ্রাস পাচ্ছে। এই মন্দা পরিস্থিতি কোনো একটি নির্দিষ্ট অর্থবছরের ফল কিংবা কোনো একক নীতিসিদ্ধান্তের কারণে তৈরি হয়নি। বরং এক দশকের অমীমাংসিত কাঠামোগত সমস্যাগুলো দীর্ঘ সময় ধরে জমতে জমতে এখন হিসাবের খাতায় প্রকাশ পাচ্ছে। আর এই সমন্বয়ের ব্যয়টি বহন করতে হচ্ছে বর্তমান সময়ের নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের।

এখানে প্রশ্ন জাগে, এটি কি কেবল একটি চক্রাকার মন্দা, নাকি গভীর কোনো কাঠামোগত দুর্বলতা? আমার মূল্যায়ন অনুযায়ী এটি দ্বিতীয়টি। আমরা প্রবৃদ্ধি অর্জন করেছি ঠিকই, কিন্তু প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় কাঠামোগত ভিত্তি তৈরি করতে পারিনি। মোট উপাদান উৎপাদনশীলতা বা টিএফপির অবদান বরাবরই দুর্বল থেকেছে; আমাদের প্রবৃদ্ধি মূলত উপকরণ যোগ করার মাধ্যমেই এসেছে।

প্রথম কারণ হিসেবে বলা যায়, প্রবৃদ্ধির ভিত্তি ছিল অত্যন্ত সংকীর্ণ। আমাদের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে কেবল তৈরি পোশাক খাত থেকে এবং বৈদেশিক মুদ্রার দ্বিতীয় প্রধান স্তম্ভ হলো প্রবাসী আয়। এই মাত্রার কেন্দ্রীয়করণ যেকোনো অর্থনীতিকে বাহ্যিক অভিঘাতের সামনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে।

পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা মূলত দাঁড়িয়ে আছে সস্তা শ্রমের ওপর, উৎপাদনশীলতার ওপর নয়। ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইথিওপিয়ার মতো দেশগুলো এখন একই জায়গায় আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি কিংবা ডিজাইন তৈরি ও উচ্চ মূল্য সংযোজনের দিকে গুরুত্ব না দিলে এলডিসি উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারিয়ে এই খাতের প্রবৃদ্ধি আরও সংকুচিত হবে।

অনুরূপ সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় প্রবাসী আয়ের ক্ষেত্রেও। আমাদের অধিকাংশ অভিবাসী শ্রমিক অদক্ষ হওয়ায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় তাদের মাথাপিছু আয় অনেক কম। তদুপরি, এই আয়ের সিংহভাগই ব্যয় হচ্ছে পারিবারিক ভোগ এবং জমি ও ফ্ল্যাটের মতো অনুৎপাদনশীল খাতে। যা দেশের দীর্ঘমেয়াদি উৎপাদনশীল মূলধন গঠনে বিশেষ কোনো অবদান রাখতে পারছে না।

দ্বিতীয় কারণটি হলো বিনিয়োগ পরিবেশে প্রত্যাশার অনিশ্চয়তা। বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৩ থেকে ২৪ শতাংশের ঘরে আটকে আছে এবং নিট বিদেশি সরাসরি বিনিয়োগ এক শতাংশের নিচে। মূলধন উৎপাদন অনুপাত বা আইসিওআর যেখানে ক্রমাগত বাড়ছে, সেখানে এই বিনিয়োগ হার দিয়ে ৭ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা গাণিতিকভাবেই অসম্ভব।

একজন উদ্যোক্তা যখন ঋণ নিতে যান, তখন তিনি উচ্চ সুদহার, কঠিন জামানত শর্ত এবং দীর্ঘ অনুমোদন প্রক্রিয়ার সম্মুখীন হন। শিল্পের জন্য জমি নিতে গেলে দেখা যায় ভূমির দাম আকাশছোঁয়া, আর গ্যাস ও বিদ্যুতের সংযোগের বিষয়টি অনিশ্চিত। রপ্তানির সময় বন্দরে পণ্যজট এবং শুল্ক প্রক্রিয়ার হয়রানি তাঁর লেনদেন ব্যয় আরও বাড়িয়ে দেয়।

তৃতীয় কারণ হিসেবে আর্থিক মধ্যস্থতার দুর্বলতাকে চিহ্নিত করা যায়। ব্যাংক খাতে শ্রেণীকৃত ঋণের প্রকৃত অনুপাত প্রকাশিত হিসাবের চেয়ে অনেক বেশি এবং মূলধন পর্যাপ্ততাও চাপের মুখে রয়েছে। পাঁচটি ব্যাংক একীভূত করার প্রক্রিয়াটি মূলত এই সত্যই স্বীকার করে নেয় যে ব্যাংক খাত নতুন ঋণ সৃষ্টির সক্ষমতা হারিয়েছে। একই সঙ্গে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেসরকারি খাতকে ক্রাউডিং আউট করছে। পুঁজিবাজার ও বন্ড বাজার এখনো গভীরতা অর্জন করতে পারেনি, ফলে দীর্ঘমেয়াদি অর্থায়নের একমাত্র উৎস হিসেবে রয়ে গেছে ব্যাংক।

চতুর্থ কারণটি হলো মানবপুঁজিতে বিনিয়োগের ঘাটতি। জনমিতিক লভ্যাংশের সুযোগ সীমিত সময়ের জন্য থাকে, অথচ আমরা আমাদের শ্রমশক্তিকে দক্ষতায় রূপান্তর করতে পারিনি। শ্রমবাজারের চাহিদা এবং শিক্ষাব্যবস্থার সরবরাহের মধ্যে দক্ষতার অসামঞ্জস্য অত্যন্ত প্রকট। উদাহরণস্বরূপ, প্রকৌশলে স্নাতক একজন তরুণ ইংরেজিতে পেশাদার ই–মেইল লিখতে পারেন না, আবার ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী এক্সেলের প্রাথমিক কাজ জানেন না।

সবশেষে প্রশাসনিক জটিলতা ও দুর্নীতি ব্যবসা পরিচালনার ব্যয় বাড়িয়ে দিয়েছে। ব্যবসা নিবন্ধন, কারখানার অনুমোদন, ভূমির খাজনা পরিশোধ—প্রতিটি ধাপেই বিলম্ব ঘটে। একজন উদ্যোক্তাকে কুড়িটি দপ্তরে ঘুরতে হয় এবং এই প্রাতিষ্ঠানিক অদক্ষতার ব্যয় শেষ পর্যন্ত ভোক্তার ওপর স্থানান্তরিত হয়।

দুর্নীতি এখন কেবল নৈতিক প্রশ্ন নয়, এটি সম্পদ বণ্টনের দক্ষতার প্রশ্ন। রেন্ট সিকিং যেখানে প্রাধান্য পায়, সেখানে দক্ষ উদ্যোক্তারা বাজার থেকে ছিটকে পড়েন এবং সংযোগনির্ভর উদ্যোক্তারা টিকে যান। প্রতিযোগিতা দুর্বল হলে উদ্ভাবনের প্রণোদনা থাকে না, আর উদ্ভাবন ছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধি পায় না।

তাহলে কি সব সম্ভাবনা শেষ হয়ে গেছে? না, আমি হতাশাবাদী নই। জনমিতিক সুবিধা, একটি বিকাশমান উদ্যোক্তা শ্রেণি এবং স্থিতিশীল প্রবাসী আয়প্রবাহ এখনো আমাদের পক্ষে রয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে তিনটি সংস্কার অপরিহার্য।

প্রথমত, বিনিয়োগ পরিবেশে নীতিগত ধারাবাহিকতা ও নিয়ন্ত্রক পূর্বানুমেয়তা নিশ্চিত করতে হবে। একজন বিনিয়োগকারীকে জানতে হবে, আজকের কর ও শুল্ককাঠামো আগামীকাল বদলে যাবে না। দ্বিতীয়ত, আর্থিক খাতের সংস্কার করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, সমস্যাগ্রস্ত ব্যাংকের জন্য স্বচ্ছ রেজোল্যুশন কাঠামো দাঁড় করাতে হবে এবং পুঁজিবাজার ও বন্ড বাজারকে বিকল্প অর্থায়নের উৎস হিসেবে গড়ে তুলতে হবে। তৃতীয়ত, মানবপুঁজিতে বিনিয়োগ করতে হবে। অবকাঠামো নির্মাণ কখনোই শিক্ষার বিকল্প নয়। শিক্ষক উন্নয়ন, গবেষণা অর্থায়ন ও কারিগরি প্রশিক্ষণে বরাদ্দ না বাড়ালে দক্ষতার ঘাটতি কমবে না।

প্রবৃদ্ধি কোনো জাদু নয়। প্রবৃদ্ধি আসে আস্থা থেকে, বিনিয়োগ থেকে এবং উৎপাদনশীলতা থেকে। এই তিন জায়গায় সংস্কার না হলে আমরা মধ্যম আয়ের ফাঁদেই আটকে থাকব। প্রশ্নটি তাই আর এই নয় যে আমাদের প্রবৃদ্ধি হবে কি না; বরং প্রশ্নটি হলো, প্রয়োজনীয় কঠিন সংস্কারগুলো নেওয়ার রাজনৈতিক সাহস আমাদের আছে কি না।

● মামুন রশীদ
অর্থনীতি বিশ্লেষক

মতামত লেখকের নিজস্ব