কোনো ওয়েবসাইটের ঠিকানা হাতে লিখে বা ইন্টারনেটে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি না করেই খুব সহজে প্রয়োজনীয় তথ্য ও সেবা পাওয়ার একটি কার্যকর মাধ্যম হলো কিউআর কোড। বর্তমানে স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে একটি নির্দিষ্ট কোড স্ক্যান করলেই ব্যবহারকারী সরাসরি কাঙ্ক্ষিত ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন। শুধু ওয়েবসাইট নয়, কোনো নির্দিষ্ট স্থানে উপস্থিতি নিবন্ধন করা কিংবা ওয়াই–ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার মতো কাজগুলোও এখন এই প্রযুক্তির মাধ্যমে দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে। তথ্যের দ্রুত আদান–প্রদান এবং ডিজিটাল সেবার সহজলভ্যতার কারণে দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে কিউআর কোডের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

প্রযুক্তিগতভাবে কিউআর (কুইক রেসপন্স) কোড হলো এক ধরনের দ্বিমাত্রিক বারকোড। দেখতে বর্গাকার এই কোডের ভেতরে বিভিন্ন তথ্য সাংকেতিক পদ্ধতিতে সংরক্ষণ করা থাকে। প্রচলিত বারকোডে যেখানে তথ্যগুলো কেবল কালো রেখার মাধ্যমে প্রকাশ করা হয়, সেখানে কিউআর কোডে কালো ও সাদা ছোট ছোট বর্গাকার ঘরের বিশেষ বিন্যাসে তথ্য রাখা হয়।

এই কিউআর কোডের ভেতরে ওয়েবসাইটের ঠিকানা, সাধারণ লেখা এবং অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণ করা যায়। যখন কেউ স্মার্টফোনের ক্যামেরা বা বিশেষ কিউআর কোড রিডার দিয়ে এই কোডটি স্ক্যান করেন, তখন এর ভেতরে থাকা তথ্যের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কাজটি সম্পন্ন হয়। উদাহরণস্বরূপ, কোনো নির্দিষ্ট ওয়েবসাইট খুলে যাওয়া, কোনো স্থানে ব্যবহারকারীর উপস্থিতি নিবন্ধন করা কিংবা স্বয়ংক্রিয়ভাবে ওয়াই–ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়া। সাধারণত কিউআর কোডে অ্যাসকি (আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ) বিন্যাসের লেখা সংরক্ষণ করা হয়, তবে এতে বাইনারি তথ্য রাখা সম্ভব।

কিউআর কোডের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৯৪ সালে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার সহযোগী প্রতিষ্ঠান ডেনসো ওয়েভ প্রথম এই প্রযুক্তি তৈরি করে। শুরুর দিকে মূলত গাড়ির যন্ত্রাংশ শনাক্তকরণ এবং উৎপাদনপ্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করার উদ্দেশ্যে এটি উদ্ভাবন করা হয়েছিল। পরবর্তীতে জাপানে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং ২০১০ সাল নাগাদ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে এর ব্যবহার ছড়িয়ে পড়ে।

বর্তমানে মূলত তথ্য আদান–প্রদান, বিপণন কার্যক্রম এবং ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে কিউআর কোডের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। তবে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এর প্রয়োগ আরও বিস্তৃত হবে। বিশেষ করে রোবট এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ক্ষেত্রে কিউআর কোড নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। কোনো নির্দিষ্ট স্থানে স্থাপিত কোড স্ক্যান করে রোবট প্রয়োজনীয় নির্দেশনা বা হালনাগাদ তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে, যার ফলে স্বয়ংক্রিয় ব্যবস্থায় তথ্য সরবরাহ ও সামগ্রিক কাজ পরিচালনা আরও সহজতর হবে। সূত্র: ফর্টিনেট ডটকম।