ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে আকিবুল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবপত্রের দোকান থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আকিবুল উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে।
আজ মঙ্গলবার মুক্তাগাছা থানা-পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানা গেছে, গত দুই বছর ধরে ওই কিশোরীর সঙ্গে আকিবুলের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আকিবুল তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিশোরীকে তার নানার বাড়ির পেছন থেকে ডেকে নিয়ে যান আকিবুল। এরপর তারা গল্প করতে করতে বাড়ি থেকে কিছুটা দূরে খালপাড়ের ধানখেতে যান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি এবং ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে জাকিয়া তাকে চড় মারলে আকিবুল ক্ষুব্ধ হয়ে তার গলা চেপে ধরেন। এতে জাকিয়া অচেতন হয়ে পড়লে পরে তার ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আকিবুল।
পুলিশ আরও জানিয়েছে, হত্যার পর কিশোরীর মরদেহ একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে রেখে দুটি কলাগাছ দিয়ে ঢেকে দেন আকিবুল। এরপর তিনি বাড়ি চলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর সন্ধ্যার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হন ওই কিশোরী। পরদিন বেলা ১১টার দিকে উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “শুরুতে কিশোরী হত্যার কোনো ক্লু (যোগসূত্র) মিলছিল না। চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে তদন্ত শুরুর পর অভিযুক্ত তরুণের সঙ্গে সম্পর্কের তথ্য আসে। গতকাল তাঁকে (আকিবুল) আটকের পর জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।”