জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, যারা ‘পালিয়ে যাব না’ বলে পালিয়ে যায়, তারা আর কখনোই ফিরে আসে না।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ও নৈরাজ্য প্রতিরোধ করার লক্ষ্যে এনসিপি ঢাকা মহানগর উত্তর এই কর্মসূচির আয়োজন করে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উনি কি মেহমান নাকি যে উনার জন্য বিমান পাঠাইতে হবে? উনি বলত না সারা জীবন যে আমরা পালিয়ে যাব না। পালিয়ে যাব না বলে যে চলে যায়, পালিয়ে যায়, সে আসি আসি বলেও আসবে না।..আমরাও তো চাই, উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো হচ্ছে সব নাটক।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের চরিত্রের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের মাধ্যমে এই সন্ত্রাস আন্তর্জাতিক রূপ নিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও তাদের এই সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। এই আগুন-সন্ত্রাসের সরাসরি ইন্ধনদাতা হিসেবে তিনি ভারতকে দায়ী করেন। হাসনাত আবদুল্লাহর দাবি, ভারত থেকে ভূমি ব্যবহার করে এবং সেখানে প্রশিক্ষণ নিয়ে তারা বাংলাদেশে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং পুনরায় সীমান্ত পেরিয়ে চলে যায়। ভারত এ ধরনের ‘ক্রস বর্ডার টেরোরিজম’ বা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে প্রশ্রয় দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আওয়ামী লীগের নেতাদের বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, তারা এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটরে’ পরিণত হয়েছে। তিনি বলেন, তারা এখন নিচু গলায় ‘জয় বাংলা’ বলে ভিডিও বানায়। সেটি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দেশের বাইরে পাঠায়। তাঁর মতে, আওয়ামী লীগের চূড়ান্ত ফয়সালা ২০২৪ সালের ৫ আগস্টই হয়ে গেছে। বর্তমানে তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, তার মাধ্যমে বাংলাদেশে পুনর্বাসনের আশা করা অসম্ভব; বরং তারা যে ফ্যাসিবাদী ও গণবিমুখ শক্তি, তা বারবার প্রমাণিত হচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে এনসিপি নেতা বলেন, দিনশেষে তিনি আসবেন না। তবে তিনি যদি ফিরে আসেন, তবে তাঁরা তাঁকে ‘ওয়েলকাম’ জানাবেন এবং বাংলাদেশের সাধারণ মানুষ তাঁকে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাবে।
সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাওয়া হলে হাসনাত আবদুল্লাহ বলেন, তাঁরা গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন। তিনি মনে করেন, শুধু ডিসেম্বরকেন্দ্রিক বা নির্দিষ্ট মাসকেন্দ্রিক ঐক্য, কিংবা শীতকালীন, গ্রীষ্মকালীন বা শরৎকালীন ঐক্য দীর্ঘস্থায়ী বা ‘সাসটেইনেবল’ হয় না। বরং দীর্ঘমেয়াদে দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার উন্নতির জন্য সরকার যদি স্থায়ী ঐক্য চায়, তবে তা হতে হবে গণভোটের গণরায়ের ভিত্তিতে, সংস্কারের মাধ্যমে এবং প্রতিষ্ঠানগুলোকে সুদৃঢ় করার মধ্য দিয়ে। তাঁরা এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টই ঐক্য চূড়ান্ত হয়েছে। এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন দাবি করতেন, তিনি ভারতকে যা দিয়েছেন, তারা তা সারা জীবন মনে রাখবে। কিন্তু বর্তমানে ভারত তাঁকে একটি বিমান পর্যন্ত দিচ্ছে না। পরিস্থিতি এমন হয়েছে যে, এক কাপড়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার অবস্থা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, বেলারুশসহ বিভিন্ন দেশে তাঁকে পাঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ এই ঝামেলা নিতে রাজি নয় এবং তিনি পাসপোর্টও পাচ্ছেন না।
আসিফ মাহমুদ আরও বলেন, কোনো উপায় না পেয়ে আওয়ামী লীগ এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এনসিপির স্পষ্ট দাবি, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে এবং তাঁর বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।
দেশব্যাপী এনসিপির পাঁচ দফা কর্মসূচি চলমান থাকবে বলে জানান আসিফ মাহমুদ। এই দাবিগুলোর মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।
এই পাঁচ দফা দাবিতেই আজ মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে এনসিপি। বেলা দুইটায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল প্রমুখ।