সরকার শব্দের মারপ্যাঁচে বাস্তবতাকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, বর্তমান সরকার ঘুষের মতো বিষয়কে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ এবং ঋণখেলাপিদের ক্ষেত্রে ‘ঋণগ্রস্ত’ শব্দটির ব্যবহার করছে। মঙ্গলবার জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে এক আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের এই সংসদ সদস্য সরকারের ব্যবস্থাপনা, ব্যবসায়িক পরিবেশ, দুর্নীতি এবং জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেন।
আলোচনায় তিনি পোশাকশিল্পের মালিকদের করুণ অবস্থার কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন সরকারি দপ্তর এবং প্রভাবশালী ব্যক্তিদের তথাকথিত উপহার দিতে দিতে মালিকদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। অথচ এই পরিস্থিতির বিপরীতে শ্রমিকদের মজুরি বাড়ানোর পুরো দায়ভার মালিকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শ্রমিক যদি না বাঁচে, শিল্প যদি না বাঁচে, তাহলে দেশ বাঁচবে না’—এই কথা সরকার ও বিরোধী দল উভয় পক্ষই বিশ্বাস করে। তবে তাঁর প্রশ্ন, সরকার নিজেই যদি ব্যবসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে শিল্পকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
মূল্যস্ফীতির বিষয়ে তথ্য দিয়ে তিনি জানান, গত তিন বছরে সম্মিলিতভাবে মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, ঢাকা শহরে চার সদস্যের একটি পরিবারের মাসিক খাবারের খরচ বর্তমানে ১২ থেকে ১৬ হাজার টাকা। অথচ পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি মাত্র ১২ হাজার টাকা। এই চরম বৈষম্যের কারণে শ্রমিকদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এর সাথে খাদ্যপণ্যের উচ্চমূল্য, গ্যাসের দাম বৃদ্ধি এবং জ্বালানি সংকট তাঁদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে।
সংসদে পূর্ববর্তী বক্তা পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির প্রতি ইঙ্গিত করে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি ক্ষমতায় গেলে জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের কথা বলেছিলেন। সেই প্রতিশ্রুতির প্রতিফলন মজুরি বোর্ডের কার্যক্রমে দেখা যাবে বলে তাঁরা আশা করেছিলেন; কিন্তু মজুরি বোর্ডের বৈঠকও নিয়মিত হচ্ছে না। শ্রমিকদের বর্তমান আন্দোলনকে তিনি যৌক্তিক বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন যে, সরকার এই পরিস্থিতি যথাযথভাবে সামাল দিতে ব্যর্থ হচ্ছে।
পোশাকশিল্পের মালিকদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরে হাসনাত বলেন, ‘গার্মেন্টস শিল্পের কাঁচামালের প্রায় সবটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব কাঁচামাল আমদানি থেকে শুরু করে বন্দর, বন্ডেড ওয়্যারহাউস, কারখানা এবং রপ্তানি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে একাধিক সরকারি দপ্তরের অনুমতি নিতে হয়। প্রতিটি পর্যায়েই মালিকদের কথিত “উপহার” দিতে হয়।’
এই প্রসঙ্গে জর্জ অরওয়েলের উপন্যাসের কথা টেনে তিনি ব্যঙ্গ করে বলেন, ‘এটা তো ঘুষ বলা যাবে না, এটাকে উপহার বলতে হবে। ঠিক একইভাবে এই সরকার জর্জ অরওয়েলের ফর্মুলাটা ভালোভাবে অ্যাডপ্ট করতে পেরেছে। এই সরকার যেটা করেছে—ওনারা ঋণখেলাপি বলেন না, ওনারা বলেন “ঋণগ্রস্ত”। ওনারা চাঁদাবাজি বলেন না, ওনারা বলেন, “সমঝোতা”। আবার ওনারা ঘুষ বলেন না, ওনারা বলেন কী? “উপহার”। এই উপহারের অত্যাচারে আজকের যারা গার্মেন্টস মালিকেরা রয়েছেন, তাঁরা এই উপহার দিতে দিতে দুর্বিষহ জীবনযাপন করছেন, মাননীয় স্পিকার।’
হাসনাতের আরও অভিযোগ যে, কারখানা পরিদর্শনের নামে ব্যবসায়ীদের হয়রানি করা হয়। এছাড়া ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে সরকারদলীয় নেতা বা প্রভাবশালী ব্যক্তিদের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে অর্থ প্রদান করতে হয়, যা মূলত ‘প্রোটেকশন মানি’ হিসেবে পরিচিত। পাশাপাশি ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর এবং পয়লা বৈশাখের মতো সরকারি অনুষ্ঠানের নামে ইউএনও কার্যালয় ও পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়া হয়। তিনি এই অর্থ আদায় প্রক্রিয়াকে সরাসরি ‘সরকারি চাঁদা’ বলে উল্লেখ করেন।
ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ করার দাবি জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের বেতন সরকার দেয় না, মালিকদেরই দিতে হয়। তাই সরকারের প্রধান কাজ হওয়া উচিত ব্যবসা সহজ করা, উৎপাদন ব্যয় কমানো এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা। কিন্তু সরকার সেই ভূমিকা পালন না করে বরং প্রতিবন্ধকতা বাড়াচ্ছে। এই ক্ষেত্রে সরকারের সরাসরি সম্পৃক্ততা না থাকলেও চরম নিষ্ক্রিয়তা রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
জ্বালানি সংকট ও গ্যাস পরিস্থিতি নিয়ে সরকারকে কটাক্ষ করে হাসনাত আবদুল্লাহ বলেন, গ্যাস–সংকটের জন্য সরকার ইরানে বোমা মেরেছে, এমন কথা তাঁরা বলছেন না; কিন্তু এই সংকটকে পুঁজি করে দুর্নীতির সুযোগ তৈরি করা হচ্ছে। তৃতীয় এলএনজি রিগ্যাসিফিকেশন টার্মিনাল স্থাপনের প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি ৬ হাজার ৩০০ কোটি টাকার বেশি ব্যয়ের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন। এই প্রকল্পের সাথে একজন সংসদ সদস্যের নাতির প্রস্তাবের মিল কোথায়, সেই প্রশ্নের জবাব প্রতিমন্ত্রী দেননি বলেও তিনি অভিযোগ করেন।
রাজনৈতিক অস্থিতিশীলতার সাথে পোশাকশিল্পের সংকটের সম্পর্ক ব্যাখ্যা করে হাসনাত বলেন, এই আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে তাঁরা দেখতে পেয়েছেন। এ ধরনের সম্পৃক্ততা ও নাশকতা প্রতিরোধের দায়িত্ব সরকারকে নিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, ভারতের ভূমি ব্যবহার করে আওয়ামী লীগ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁর দাবি, গোপালগঞ্জ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও আগুন-সন্ত্রাসের ঘটনা অব্যাহত থাকলে পোশাকশিল্পসহ কোনো খাতই টিকে থাকতে পারবে না।
এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বাংলাদেশের পোশাকশিল্পের ৪৫ বিলিয়ন ডলারের বাজার ধরে রাখতে হলে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, মালিকদের জন্য স্বস্তিদায়ক ব্যবসার পরিবেশ এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, বর্তমানে অর্ডারের মৌসুমে বাংলাদেশের বেশির ভাগ অর্ডার ভারতে স্থানান্তরিত হতে শুরু করেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে কর্মসংস্থানের সংকট আরও বাড়বে।
সংকট সমাধানে সরকার ও বিরোধী দলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মজুরি সমন্বয় করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ওপর থেকে অপ্রয়োজনীয় ব্যয়, হয়রানি ও চাঁদার চাপ কমাতে হবে। আওয়ামী লীগের যাঁরা এসব ষড়যন্ত্রে জড়িত এবং অর্থায়ন করছেন, তাঁদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।