ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির মিশনে কিংবা বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে পা রাখলেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর মতে, সংবিধানে মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট প্রদানের কোনো আইনি সুযোগ নেই।

আজ মঙ্গলবার সকালে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামা ওবায়েদ।

শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফেরার বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট (তাৎক্ষণিক গ্রেপ্তার) করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয় নাই। ক্লিয়ার?’

সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্টের আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘বাহাত্তরের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির আওতায় সাজাপ্রাপ্ত হয়ে থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ নট কম্পেলড টু গিভ হার অ্যানি পাসপোর্ট, অ্যানি এনআইডি, এনিথিং। এটার ব্যত্যয় তো ঘটবে না।’

বিদেশের প্রতিটি মিশন বাংলাদেশের ভূখণ্ড হিসেবে গণ্য হয় বলে তিনি মনে করিয়ে দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে সেখানেই তাদের অ্যারেস্ট করা হবে।’

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার সক্ষমতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘উনি কোথায় আছে, সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। ওনার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন। উনি যখন থেকে পলায়ন করেছেন, তার পর থেকে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় যাবেন না যাবেন, ইটস ইমম্যাটেরিয়াল।’

অপরাধীদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘হাদির (ওসমান হাদী) হত্যাকারী এবং জুলাই-আগস্টে যারা খুন-গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে সাজাপ্রাপ্তরা, যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে, তাদের সবাইকে এই এক্সট্রাডিশন ট্রিটির (বন্দী প্রত্যাবর্তন চুক্তি) আওতায় ফেরত আনা হবে।’

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ হিসেবে আখ্যা দিয়ে শামা ওবায়েদ বলেন, ‘১৬ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর ভাই আসুক না, এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না। এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে ওনার নেতা–কর্মীরা; উনি তো বিপদে নেতা–কর্মীদের ফেলে পালিয়ে গেছেন। খামাখা এখন যারা আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ, যারা কর্মী আছে, নেতা আছে, তাদের বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘উনি (শেখ হাসিনা) আসবেন, এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবেন। ল উইল টেক ইটস কোর্স। বাকিটা আমি আবারও বলছি, আইন মন্ত্রণালয় এটা দেখছে এবং লিগ্যাল যে প্রসেসগুলো আছে, সেটা ওনারা বলবেন।’

উল্লেখ্য, রয়টার্স তাদের এক প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে আগামী ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার খবর প্রকাশ করেছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্স শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে মেইল পাঠিয়েছিল এবং পরবর্তীতে তার জবাব চেয়ে পুনরায় মেইল করেছে।

মেট্রিক্সের মেইলের জবাব দেওয়া হবে কি না জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। বিদেশে পালিয়ে থাকা অন্য যেকোনো আসামির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে অবস্থান, শেখ হাসিনার ক্ষেত্রেও তা একই হবে।

রয়টার্সের প্রতিবেদনের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ‘কে কোথায় থেকে, লুকিয়ে থেকে, কোথায় কী বলছে, সেটা নিয়ে আলোচনা করা..। এই যে আপনারা বিশাল টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট, আমাদের সব সময় নষ্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন, একই উত্তর দিব যে আপনি এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে দণ্ডপ্রাপ্ত, তাদের আসামি হিসেবেই বিবেচনা করা হবে।’