যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করে সামনে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। মেজর লিগ সকারে (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার।

এমএলএস-এর এই বিশেষ পুরস্কারটি সাধারণত ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্যে সেরা একজনকে প্রদান করা হয়। সুলিভান এই পুরস্কার জয়ের ক্ষেত্রে বয়সের দিক থেকে নতুন রেকর্ড গড়েছেন; মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে তিনি এই সম্মানে ভূষিত হলেন, যা তাকে এই পুরস্কার জয় করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করল। উল্লেখ্য, এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং বর্তমান পেশাদার খেলোয়াড়দের সম্মিলিত ভোটের মাধ্যমে এই বিজয়ী নির্ধারিত হয়।

ভোটের পরিসংখ্যানে সুলিভানের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। তিনি মোট ভোটের ৬৫.০৬ শতাংশ অর্জন করেছেন। বিশেষ করে খেলোয়াড়, গণমাধ্যম এবং ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত তিনটি পৃথক ভোটিং ক্যাটাগরির প্রতিটিতেই তিনি শীর্ষস্থান দখল করেন। সংবাদমাধ্যমের পক্ষ থেকে তিনি ৮০ শতাংশ এবং সহকর্মী পেশাদার খেলোয়াড়দের কাছ থেকে ৬০.৩৪ শতাংশ ভোট পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ছেলেদের জাতীয় দলের দুই উদীয়মান তারকা সতীর্থকে পেছনে ফেলে এই অনন্য স্বীকৃতি অর্জন করেছেন সুলিভান। এই প্রতিযোগিতায় নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল দ্বিতীয় এবং আদ্রি মেহমেতি তৃতীয় স্থান অধিকার করেন। জানা গেছে, ২০২০ সাল থেকে এমএলএস বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া শুরু হয়। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এমএলএস বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হতো।

এমএলএসে নিজের প্রথম মৌসুমে নিয়মিত খেলোয়াড় হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সুলিভান। ২৯টি ম্যাচে তিনি মোট ২৩টি গোলে অবদান রেখেছেন, যার মধ্যে রয়েছে ৯টি সরাসরি গোল এবং ১৪টি অ্যাসিস্ট। এই অর্জনের মাধ্যমে তিনি এমএলএসে দুটি বড় রেকর্ড গড়েছেন। এর আগে কোনো কিশোর খেলোয়াড় এক মৌসুমে এত বেশি গোলে অবদান রাখতে পারেননি।

এছাড়া টানা ১০টি ম্যাচে গোলে অবদান রাখার এক বিরল রেকর্ডও তার ঝুলিতে রয়েছে, যা এমএলএসের কোনো কিশোর খেলোয়াড়ের পক্ষে আগে সম্ভব হয়নি। গত সেপ্টেম্বরে তিনি এমএলএস মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এই রেকর্ডের মালিক হন।

জাতীয় দলের ক্ষেত্রেও সুলিভানের সাফল্য অব্যাহত। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান তিনি। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের মূল একাদশে তাঁর অভিষেক ঘটে। পরবর্তীতে ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড গড়েন কাভান সুলিভান।

পারিবারিক সূত্রে জানা যায়, কাভান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলা রোনান ও ডেকলান সুলিভানের ভাই। তাঁদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে বসতি স্থাপন করেছিলেন।