সাধারণত ফুটবল বিশ্বে একটি ক্লাবের বাজেটের সঙ্গে অন্য ক্লাবের তুলনা করা হয়। তবে অবিশ্বাস্য মনে হলেও মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। এখানে একজন ফুটবলারের ব্যক্তিগত বেতন দিয়ে পুরো একটি ক্লাবের সব খেলোয়াড়ের পারিশ্রমিক মেটানো সম্ভব। যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির আধিপত্য এখন কেবল মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নেই, তা ছাড়িয়ে পৌঁছেছে বেতনের অঙ্কেও।

এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) ২০২৬ সালের খেলোয়াড়দের বেতনের সর্বশেষ হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী, ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বছরে নিশ্চিত পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ২ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। এই অংক এমএলএসের অন্য যেকোনো খেলোয়াড়ের তুলনায় বহুগুণ বেশি।

মেসির এই পারিশ্রমিকের বিষয়টি আরও চমকপ্রদ হয়ে ওঠে অন্য একটি পরিসংখ্যানের মাধ্যমে। ইন্টার মায়ামিকে বাদ দিয়ে এমএলএসের ২৯টি দলের মধ্যে মাত্র তিনটি দলের মোট খেলোয়াড়দের পেছনে ব্যয়ের পরিমাণ মেসির একার পারিশ্রমিকের চেয়ে বেশি। এর অর্থ দাঁড়ায়, লিগের বাকি ২৬টি দলের প্রতিটি দলের সব খেলোয়াড় মিলিয়ে যে মোট বেতন খরচ হয়, তার চেয়েও বেশি বেতন পান একা মেসি।

তবে এবারের তালিকায় মেসির পেছনে আরও কয়েকজন বিশ্বখ্যাত তারকা রয়েছেন। গ্রীষ্মকালীন দলবদলের সময়ে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রবার্ট লেভানডফস্কি, আঁতোয়ান গ্রিজমান এবং ব্রিল এমবোলো। এই তিন তারকা খেলোয়াড়ই এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া পাঁচজনের তালিকায় জায়গা করে নিয়েছেন।

শিকাগো ফায়ারে যোগ দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হয়েছেন রবার্ট লেভানডফস্কি। তাঁর নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্লাবের আগ্রহকে উপেক্ষা করে তাঁকে যুক্তরাষ্ট্রে আনতে শিকাগোকে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে। এই পোলিশ স্ট্রাইকার ক্লাবটির হয়ে প্রথম ১৯ ম্যাচে ৯টি গোল করেছেন এবং ৫টি অ্যাসিস্ট করেছেন। তিনি মাঠে খেলেছেন মোট ১ হাজার ৩৩৫ মিনিট।

তৃতীয় অবস্থানে রয়েছেন আঁতোয়ান গ্রিজমান। অরল্যান্ডো সিটির এই ফরাসি তারকার নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ডলার। শীতকালীন দলবদলেই তাঁর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছিল, যদিও যুক্তরাষ্ট্রে তিনি এসেছেন গ্রীষ্মে। ১৮ ম্যাচে ১৪টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে তিনি অরল্যান্ডোকে প্লে-অফে পৌঁছে দিয়েছেন এবং এমএলএসের বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।

চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিন, যার পারিশ্রমিক ১ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার। পঞ্চম স্থানে আটলান্টা ইউনাইটেডের ব্রিল এমবোলো, তিনি পাচ্ছেন ১ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার।

তালিকার শীর্ষ দশে মেসির সতীর্থ রদ্রিগো দি পলও স্থান করে নিয়েছেন। তাঁর নিশ্চিত পারিশ্রমিক ৯৬ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হিরভিং লোজানো ৯৩ লাখ ৩০ হাজার, আটলান্টার মিগেল আলমিরন ৭৮ লাখ ৮০ হাজার, শার্লট এফসির অ্যালাঁ সাঁ-ম্যাক্সিমাঁ ৭২ লাখ এবং রেড বুল নিউইয়র্কের এমিল ফর্সবার্গ ৬০ লাখ ৪০ হাজার ডলার পান।

ইন্টার মায়ামি কেবল একজন খেলোয়াড়ের পেছনেই নয়, বরং পুরো দলের পেছনেই বিপুল অর্থ ব্যয় করছে। পুরো দলটির খেলোয়াড়দের নিশ্চিত পারিশ্রমিক বাবদ ব্যয় ৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ডলার, যা এমএলএসের ৩০টি দলের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়কারী দল শিকাগো ফায়ার, যাদের ব্যয় ৪ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার। তৃতীয় স্থানে আটলান্টা ইউনাইটেড, যাদের ব্যয় ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার।

দলগুলোর ব্যয়ের তালিকায় চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস এফসি (৩ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার), পঞ্চম কলম্বাস ক্রু (২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ডলার) এবং ষষ্ঠ স্থানে অরল্যান্ডো সিটি (২ কোটি ৮১ লাখ ৩০ হাজার ডলার) অবস্থান করছে।