বিশ্বজুড়ে চাকরির বাজারে বর্তমানে এক ধরনের চাপা অস্থিরতা বিরাজ করছে। কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা এবং পদোন্নতির অভাব নিয়ে হতাশ কর্মীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তবে বিকল্প কর্মসংস্থানের সংকট থাকায় এতদিন অনেকেই নিরবে কাজ করে গেছেন। এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। চাকরির বাজার পুনরায় গতিশীল হতে শুরু করায় বিশ্বজুড়ে কর্মীদের মধ্যে গণহারে চাকরি ছাড়ার এক নতুন ঢেউ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক জব পোর্টাল ‘ইনডিড’ এবং ‘গ্লাসডোর’-এর সাম্প্রতিক এক যৌথ প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্যের কথা জানানো হয়েছে।
অর্থনীতিবিদরা বর্তমান এই পরিস্থিতিকে ‘লো-হায়ার, লো-ফায়ার’ বা কম নিয়োগ ও কম ছাঁটাইয়ের অর্থনীতি হিসেবে অভিহিত করছেন। গ্লাসডোরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বের প্রায় ২১ শতাংশ কর্মী তাঁদের বর্তমান ক্যারিয়ার এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে চরম অসন্তুষ্ট।
তবে হতাশা বাড়লেও চাকরি ছাড়ার হার এতদিন তুলনামূলক কম ছিল। ২০২২ সালের এপ্রিলে ১৭ শতাংশ কর্মী অসন্তুষ্ট থাকলেও তখন চাকরি ছাড়ার হার ছিল ৩ শতাংশ। এর বিপরীতে ২০২৬ সালের সেপ্টেম্বরে অসন্তোষ ২১ শতাংশে পৌঁছালেও চাকরি ছাড়ার হার কমে দাঁড়িয়েছে মাত্র ২ দশমিক ১ শতাংশে। মূলত দীর্ঘমেয়াদি বেকারত্বের ভয় এবং নিশ্চিত সুযোগের অভাবের কারণে কর্মীরা চাকরি ছাড়ার সাহস পাচ্ছিলেন না।
বাড়ছে চাকরি ছাড়ার ঝুঁকি—
ইনডিডের জব পোস্টিং ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালের পর ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো বার্ষিক ভিত্তিতে চাকরির বিজ্ঞাপন বৃদ্ধি পেয়েছে। গ্লাসডোরের প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল ঝাও বর্তমান শ্রমবাজারকে একটি ‘চাপ দিয়ে রাখা স্প্রিং’-এর সঙ্গে তুলনা করেছেন।
তাঁর মতে, কর্মীদের ভেতরে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও শক্তি জমে আছে। বাজারে নতুন নিয়োগ বাড়তে শুরু করলেই কর্মীরা আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং পুরোনো চাকরি ছাড়তে শুরু করবেন। এর ফলে শূন্য হওয়া পদগুলোতে বেকার তরুণদের জন্য কাজের নতুন সুযোগ তৈরি হবে।
প্রতিবেদনে দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা প্রভাবিত খাত—সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রকৌশল এবং ব্যাংকিং খাতে আগে নিয়োগ কম ছিল। এখন এসব খাতে নতুন চাকরির বিজ্ঞাপন বাড়ছে। ফলে দীর্ঘদিন আটকে থাকা কর্মীরা এসব খাতেই সবচেয়ে বেশি চাকরি বদলাতে পারেন। অন্যদিকে স্বাস্থ্যসেবা খাতে নিয়োগের গতি কিছুটা ধীর হয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপট ও সম্ভাব্য প্রভাব
আন্তর্জাতিক শ্রমবাজারের এই চিত্রের সঙ্গে বাংলাদেশের বাস্তবতার বেশ মিল রয়েছে। দেশে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের কারণে বেসরকারি খাতে নতুন নিয়োগ দীর্ঘদিন ধরেই মন্থর গতিতে চলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে শিক্ষিত বেকারের হার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ফলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা বেতন বা পদোন্নতি নিয়ে অসন্তুষ্ট থাকলেও চাকরি ছাড়ার ঝুঁকি নিতে পারছেন না।
তবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার, বেসরকারি ব্যাংকিং, টেলিকম এবং তৈরি পোশাক খাতের মধ্যম সারির ব্যবস্থাপনায় চাপা অসন্তোষ প্রবল। বিশেষ করে ফ্রিল্যান্সিং ও রিমোট জবের মাধ্যমে দেশের আইটি পেশাজীবীরা সরাসরি আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত। বিশ্ববাজারে প্রযুক্তি খাতে নিয়োগ বাড়লে দেশের দক্ষ সফটওয়্যার প্রকৌশলী ও আইটি কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার প্রবণতা বাড়তে পারে।
এ ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ালে এবং ব্যাংকিং ও করপোরেট খাতে নতুন বিনিয়োগ এলে দীর্ঘদিন একই পদে আটকে থাকা কর্মীরা ভালো বেতনের আশায় প্রতিষ্ঠান বদলাবেন। এতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য দক্ষ কর্মী ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
তবে গ্লাসডোরের অর্থনীতিবিদ ড্যানিয়েল ঝাও সতর্ক করে বলেছেন, ২০২৭ সালে ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানির দাম কিংবা মূল্যস্ফীতি আবার বাড়লে চাকরির বাজারের এই ইতিবাচক গতি থমকে যেতে পারে। তাই প্রতিষ্ঠানগুলোকে এখনই কর্মীদের বেতন ও কাজের পরিবেশের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সিএনবিসি অবলম্বনে